২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির ঢাকায় বিনোদনের খোঁজে

আগের দিন ছিল পশু কোরবানির ব্যস্ততা; ঈদের পরদিন তাই অনেকেই পরিবার পরিজন নিয়ে বেরিয়ে এসেছেন ঢাকার ফাঁকা রাস্তায়, বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।

কামাল তালুকদার

কাজী শাহরিন হক, সালাউদ্দিন ওয়াহিদ প্রীতম ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 08:38 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

শাহবাগ শিশু পার্ক আর মিরপুর চিড়িয়াখানা প্রতি ঈদেই থাকে জমজমাট। এবারও তার ব্যাতিক্রম হয়নি। নানা বয়সী মানুষের আনাগোনায় মিরপুরের বোটানিক্যাল গার্ডেন, চন্দ্রিমা উদ্যান ও রমনা পার্ক মঙ্গলবার সারা দিনই ছিল সরগরম।    

ঈদের ছুটিতে কোনো রাস্তায় রিকশা চলাচলে নিষেধ না থাকায় অনেকেই ফাঁকা সড়কে রিকশায় চেপে হাওয়া খেয়ে বেড়িয়েছেন নিশ্চিন্তে।

বিকালে মিরপুর চিড়িয়াখানার ফটকে গিয়ে দেখা গেল হাজারো মানুষের ভিড়, মাইকে বাজছে উৎসবের গান। তারই মধ্যে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে চার বছরের বৃষ্টি, বাবা গেছেন টিকেট আনতে।

খিলগাঁ পুলিশ ফাঁড়ি এলাকা থেকে বেড়াতে আসা বৃষ্টির মা শামসুন্নাহার (৩০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারই প্রথম ওকে চিড়িয়াখানায় নিয়ে এলাম। ঈদের দিন সবাই ব্যস্ত ছিলাম। তাই আজ মেয়েকে নিয়ে বেড়াতে বেরিয়েছি।”

বোটানিক্যাল গার্ডেনে গাছের সামনে তিন বছরের রানাকে দাঁড় করিয়ে ছবি তুলছিলেন তার বাবা শাহ আলম। জানালেন, ছেলেকে বোটানিক্যাল গার্ডেন দেখানো শেষ করে চিড়িয়াখানায় যাবেন।

পাশাপাশি এই দুই বিনোদনকেন্দ্রের মধ্যে চিড়িয়াখানার টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড় দেখা গেলেও বোটানিক্যাল গার্ডেনের ফটকে দর্শনার্থীর সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম।

চিড়িয়াখানার আশেপাশে ফুটপাতের খাবার দোকানগুলোও ছিল সরগরম।

চটপটি বিক্রেতা সোহেল জানান, সকাল থেকে কড়া রোদ থাকায় দুপুর পর্যন্ত ভিড় খুব একটা ছিল না। তবে বিকালে রোদ কমার সঙ্গে সঙ্গে মানুষের আনাগোনা বাড়তে থাকে।

চিড়িয়াখানার ফটকে ময়ূরের পালক বিক্রি করছিলেন আব্দুস সালাম। তিনি জানালেন, এমনিতে রাজমিস্ত্রির কাজ করলেও বিজয় দিবস, পহেলা বৈশাখ ও দুই ঈদে এই এলাকায় তিনি ময়ূরের পালক বিক্রি করেন।

“এই ঈদে বেচাকেনা কম। গত রোজার ঈদে ভাল বিক্রি হইছিল।”

চাচাতো-ফুপাতো-মামাতো ভাইবোনদের সঙ্গে শাহবাগ শিশুপার্কে এসেছিলেন মিরপুর বিসিআইসি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সানজানা আক্তার শর্মি।

তার ফুপাতো ভাই অনিক (৯) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললো, “সকালে মামার বাসায় বেড়াতে এসেছি। মামা আমাদের শিশুপার্কে নিয়ে এসেছেন।”

অনিকের মতো বহু শিশুকে শিশু পার্কের রাইডগুলোতে চড়ে আনন্দ আর উচ্ছ্বাসে মাততে দেখা গেল।

মঙ্গলবার বিকালে সংসদ ভবনের সামনে চটপটির দোকানগুলোতেও দেখা গেল ছুটির আমেজে ঘুরতে থাকা মানুষের ভিড়। খেলনা, বেলুন আর হাওয়াই মিঠাই নিয়ে হকাররা সেখানেও হাজির। 

ঈদের পরদিন অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় বন্ধু বা আত্মীয়দের বাড়িতে বেড়াতে বেরিয়েছেন।   

খিলগাঁওয়ের বাসিন্দা বিউটি আক্তার হাসতে হাসতে বললেন, “মোহাম্মদপুর যাচ্ছি, ফুপুর বাসায়। অন্য সময় স্বামী সন্তান নিয়ে এভাবে বেড়াতে বের হওয়ার কথা ভাবাই যায় না। কিন্তু এখন ঢাকা একদমই ফাঁকা।”

পুরান ঢাকার মিটফোর্ড রোড থেকে অটোরিকশায় অল্প সময়ে উত্তরার আজমপুরে বাবার বাড়িতে এসে দারুণ খুশি নাজমা আক্তার। জানালেন, ভাড়া একটু বেশি নিলেও অটোরিকশা পেতে বেগ পেতে হয়নি।

নাজমার স্বামী নবাব হোসেন বলেন, “ফাঁকা ঢাকায় ঘুরতে মজা। তবে রাতে ভয় করে। তাই সন্ধ্যার মধ্যে শ্বশুর বাড়ি থেকে বাসায় ফিরে যাব।”

একই ধরনের কথা বললেন লালবাগের হাজি রিয়াজ উদ্দিন রোডের খোরশেদ আলম।

“সন্ধ্যার পর রাস্তায় মানুষ থাকে না। দোকানপাট বন্ধ, একটু ভয়ই লাগে। দিনের বেলায় এদিক-ওদিক ঘুরে সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসি।”

ফাঁকা ঢাকায় প্রায় সব খাবার দোকান, এমনটি টং দোকানও বন্ধ থাকায় সমস্যায় পড়েছে শ্রমজীবী মানুষ। 

রিকশা চালক বেলাল মিয়া বলেন, “খ্যাপ পাইতেছি। কিন্তু খাওন পাইতে কষ্ট। হুডেল সব বন্ধ। রাস্তার পাশেও কেউ খাবার ব্যাচে না।”