২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ লাখ চামড়া কিনেছেন আড়তদাররা

ঈদের কোরবানি শুরুর পর থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত প্রায় চার লাখ পশুর চামড়া সংগ্রহ করেছেন চট্টগ্রামের আড়তদাররা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 08:16 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

এবছর কোরবানির ঈদ সামনে রেখে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল থেকে আরো এক লাখ চামড়া সংগ্রহ করা যাবে বলে আশা তাদের।

চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে এ পর্যন্ত চার লাখের মতো বিভিন্ন প্রকারের চামড়া আড়তদাররা কিনেছেন।

রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবান থেকে আরও চামড়া আসছে জানিয়ে তিনি বলেন, সব মিলিয়ে এ অঞ্চল থেকে পাঁচ লাখের মতো চামড়া পাওয়া যেতে পারে।

সমিতির অন্তর্ভুক্ত ১১২ জনসহ ১৬০ আড়তদার মৌসুমি ব্যবসায়ী, দালাল ও ফড়িয়াদের কাছ থেকে এসব চামড়া সংগ্রহ করছেন।

সোমবার কোরবানির পর থেকেই নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ শুরু হয়। রাত থেকেই লবণ দিয়ে এসব চামড়া সংগ্রহ চলছে।

মঙ্গলবারও নগরীর আতুরার ডিপো এলাকায় গিয়ে দেখা গেছে, বিভিন্ন আড়তে শ্রমিকরা লবণ ছিটিয়ে চামড়া সংরক্ষণের কাজে ব্যস্ত।  

এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার সংগ্রহ মূল্য ৭০ থেকে ৭৫ টাকা এবং চট্টগ্রামে ৬০ থেকে ৬৫ টাকা বেঁধে দেওয়া হয়েছে। মহিষের চামড়া সারাদেশে ৩৫ থেকে ৪০ এবং ছাগলের চামড়া ৩০ থেকে ৩৫ টাকা নির্ধারণ করা হয়।

আড়তদার নুর আহম্মদ বলেন, ঢাকা থেকে চামড়ার দর নির্ধারণ করে দিলেও দালাল-ফড়িয়া, মৌসুমি ব্যবসায়ীদের কারণে অনেক ক্ষেত্রে বেশি দামে চামড়া কিনতে হয়েছে।

এতে করে আড়তদাররা কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে দাবি করেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করে আতুরার ডিপো এলাকায় অনেক মৌসুমি চামড়া ব্যবসায়ী জানিয়েছেন, আড়তদারদের কাছ থেকে যথাযথ দাম না পেয়ে চামড়া পচে যাওয়ার আশংকায় তারা কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন।

নুর আহম্মদ বলেন, এবারে ছোট গরুর চামড়া দেড় হাজার থেকে শুরু করে বড় গরুর সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকায় কিনেছে আড়তদাররা।

চট্টগ্রামের আড়তদারদের লবণ দিয়ে সংরক্ষণ করা এসব চামড়া ১৫ থেকে ২০ দিনের মধ্যে ঢাকার ট্যানারি মালিকরা কিনে নেবেন।

গত কোরবানির ঈদে সারাদেশে গরু-ছাগল-মহিষ মিলিয়ে ৬৫ লাখ ৩৯ হাজার ২০৮টি চামড়া সংগ্রহ করা হয়েছিল।