২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে কৃষক খুন, দম্পতি আটক

নিখোঁজের দুদিন পর গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি বিল থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যায় জড়িত অভিযোগে স্থানীয় এক দম্পতিকে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 05:03 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

কোটালীপাড়া থানার এসআই মোহাম্মদ আওলাদ হোসেন জানান, শুক্রবার রাত থেকে উপজেলার নয়াকান্দি গ্রামের রুস্তম ব্যাপারি (৫৮) নিখোঁজ ছিলেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে নয়াকান্দি বিলের কচুরিপানার নিচে তার লাশ পাওয়া যায়।

আটকরা হলেন- নয়াকান্দি গ্রামের বাদল দেউরি (৩৫) ও তার স্ত্রী শিল্পী দেউরি (২৯)।

এসআই আওলাদ জানান, রুস্তম ব্যাপারি শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।

"রোববার রাত ৯টার দিকে রুস্তম ব্যাপারির নৌকা নিয়ে বাদল ও তার স্ত্রী বাড়ি থেকে অন্য কোথাও যাচ্ছিল। এতে সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়।"

এরপর শিল্পী দেউরির দেয়া তথ্যে রাত সাড়ে ১১টার দিকে বাদল দেউরির বাড়ির পশ্চিম পাশের বিলে কচুরিপানার নিচ থেকে রুস্তমের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রুস্তমের জননাঙ্গ কাটা এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এসআই আওলাদ।

এসআই আওলাদ আরো জানান, এ ঘটনায় নিহতের ছেলে ছালেক ব্যাপারি সোমবার ছয়জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।

বাদল দেউরি সাংবাদিকদের জানান, নিহত রুস্তম দীর্ঘদিন ধরে তার স্ত্রী শিল্পীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ কারণে তারা স্বামী-স্ত্রী মিলে রুস্তমকে হত্যা করেন।  

তবে রুস্তমের ছেলে ছালেক ব্যাপারি বলেন, "বাদল দেউরি জমি দেবার কথা বলে আমার বাবার কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে জমির দলিল না দিয়ে টালবাহানা করছিলেন।"

ঘটনার দিন রাতে বাদল তার বাবাকে ফোনে তাদের বাড়ি ডেকে নেন এবং স্বামী-স্ত্রী মিলে হত্যা করে বলে অভিযোগ করেন তিনি।