২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নামাজ শেষে গরু-ছাগল জবাই

নামাজের পর দিন গড়াতে গরু-ছাগল জবাই শেষে মাংস রান্না ও বিলি-বণ্টনের মধ্য দিয়ে সারাদেশে মুসলমানরা ঈদুল আজহার উৎসব করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 01:13 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

প্রতিবারের মতো সোমবারও দেশের বৃহত্তম ঈদ জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে।

আর রাজধানীতে ঈদের প্রধান জামাত হয় সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি হাফেজ মাওলানা আবদুল্লাহ।

মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও বিচারপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে নামাজ আদায় করেন। নামাজ শেষ হয় মুসলিমদের ঐক্য ও শান্তি কামনার মধ্য দিয়ে।

এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত হয়।

ঈদের নামাজের পরপরই দেশজুড়ে শুরু হয় পশু কোরবানি। রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার অলি-গলিতে গরু-ছাগল কাটা হয়। বিতরণ করা হয় দরিদ্রদের মধ্যে। চলে আত্মীয়দের মাঝে বিতরণ। এরপর শুরু হয় রান্না।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মুসলিম সম্প্রদায়ের সুখ ও সমৃদ্ধিও কামনা করেছেন তারা।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন,“ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য ও ভালবাসার এক অনুপম নিদর্শন। পরমতসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি-সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব।”

ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস।”

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন,“মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।”

ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বৈষম্যহীন এক সুখী-সমৃদ্ধ শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ৯টায় গণভবনে দলীয় নেতা-কর্মী, পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তি, কূটনীতিক, বিচারক ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন খালেদা জিয়া।

ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমেদ।  

ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয় মনোরম সাজে। রাতে থাকছে আলোকসজ্জার ব্যবস্থা।

এছাড়া ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।

ঈদ উপলক্ষ সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো কয়েকদিন ধরে প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। সংবাদপত্রগুলোও এ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।

পুরনো খবর:

উৎসাহ-উদ্দীপনায় চলছে ঈদ উদযাপন