ইলিশ ধরায় জেলে দণ্ডিত
মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুর প্রথম দিন বরগুনা ও ঝারকাঠীতে ১৪ জেলেকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার গভীর রাতে ও রোববার ভোরে বিষখালী নদীতে পৃথক অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ দুই অভিযানে ৪৫ হাজার মিটার জাল ও ইলিশ মাছ জব্দও করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
এদিকে নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের ইলিশ ধরায় বিরত থাকতে সতর্কতা জানিয়ে প্রচারণা চালিয়েছে চাঁদপুর পুলিশ প্রশাসন।
প্রজনন মৌসুমে ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত (১১ দিন) পদ্মা ও মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
এ সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। এ আদেশ অমান্য করলে এক মাস থেকে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড এবং এক হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।
বরগুনা প্রতিনিধি জানান, মা ইলিশ শিকারের দায়ে বরগুনার বিষখালী নদী থেকে শনিবার রাতে ১১ জেলেকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসানের আদালত এ জারিমানা করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী জানান, বিষখালী নদীতে অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে ২৫ হাজার মিটার জাল ও ৭৬টি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
রাতেই জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছ এতিমখানায় বিতরণের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরো জানান, নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশ কাজ করবে।
অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করবেন।
চাঁদপুর প্রতিনিধি জানান, মা ইলিশ রক্ষায় পদ্মা ও মেঘনা নদীতে বিশেষ অভিযান শুরু হয়েছে।
অভিযানের প্রথম দিনে রোববার দুপুরে নবগঠিত চাঁদপুর নৌ-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়।
অভিযানে নেতৃত্বে ছিলেন নৌ-পুলিশের সহকারী সুপার (এএসপি) রিপন কুমার মোদক।
এএসপি রিপন কুমার মোদক জানান, অভিযানকালে পদ্মা-মেঘনা নদীতীরে অবস্থানরত জেলেদের প্রথমবারের মতো সতর্ক করে দিয়ে ইলিশসহ সকল ধরনের মাছ ধরা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
ঝালকাঠী প্রতিনিধি জানান, ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে তিন জেলেকে এক মাস করে কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিতরা হলেন বরগুনার বেতাগী উপজেলার মানুন খান (২৫), সেলিম মল্লিক (২৬) এবং কাঁঠালিয়ার আমুয়া ইউনিয়নের ইদ্রিস গাজী (৪২)।
কাঁঠালিয়া উপজেলা মৎস কর্মকর্তা এম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার ভোরে আমুয়া এলাকার বিশখালী নদীতে পুলিশ ও মৎস বিভাগ অভিযান চালায়।
এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জালসহ ওই তিন জেলে ধরা পড়েন। দুপুরের তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে এ সাজা দেয়া হয় বলে জানান ওই মৎস কর্মকর্তা।
