চট্টগ্রামে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের রশিদ ভবন এলাকায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
নিহত বাহার উদ্দিন (২৫) মাদারবাড়ি রেল লাইন বস্তিতে থাকতেন।
রোববার সকালে সদরঘাট থানার রশিদ ভবন এলাকায় জামান পেট্রোল পাম্প থেকে বাহারের লাশ উদ্ধার করা হয় বলে সদরঘাট থানার ওসি আবুল কালাম আজাদ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পেট্রোল পাম্পের টাকা চুরির সময় বাহারকে হাতেনাতে ধরে কর্মচারীরা। এ সময় স্থানীয় ও অন্যরা মিলে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সদরঘাট থানায় একটি হত্যা মামলা করেন।
