মুন্সীগঞ্জে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষে নিহত ১
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই বন্ধুর মধ্যে বাকবিতণ্ডার জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার কলেজ রোডে দুই বন্ধু জশুরগাঁওয়ের রাহাদ ও বেজগাঁওয়ের রাহাদের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে এ সংঘর্ষ হয়।
শ্রীনগর থানার এসআই মো. সাইদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই নামের দুই বন্ধুর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বেজগাঁওয়ের রাহাদের পক্ষের স্থানীয় পারভেজ শিকদার পনিরের নেতৃত্বে ৩০/৪০ জন লাঠিসোঠা নিয়ে জশুরগাঁওয়ের রাহাদের উপর হামলা চালায়। এসময় স্বজনরা তাকে রক্ষা করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে জশুরগাঁওয়ের রাহাদের চাচা শ্রীনগর বাজারের ব্যবসায়ী সিরাজসহ ছয়জন আহত হয়।
“গুরুতর আহত সিরাজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।”
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
