২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ২০

রংপুরে দুইটি শেয়ালের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন জখম হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 09:39 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

শুক্রবার রাত ৮টার দিকে সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের নুরপুর এলাকার গোরস্থান সংলগ্ন কয়েকটি বাড়িতে ওই শেয়াল দুটি বাড়িতে ঢুকে কামড়ানো শুরু করে স্থানীয়রা জানিয়েছেন ।

গুরুতর জখমরা হলেন, রোজি বেগম (৪), শিরিন আখতার (৩০), সীমা বেগম (১৩), লাইলী বেগম (৩৫), লাভলী বেগম (২৮), শিউলি আখতার (১২), রহিমা (৪৫), হেল্লা বেওয়া (৫৮), ফাতেমা (৫০), ফাতেমা (১৪), পারুল বেগম (৩০) মামুনকে (১২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে ।

এ ঘটনার পরেই একটি শেয়ালকে এলাকাবাসী পিটিয়ে হত্যা করলেও অন্যটি পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক মণ্ডল ।

আহতদের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানি  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন , “নুরপুর গোরস্থান সংলগ্ন বাড়িতে মেয়েরা রান্না-বান্না করছিলেন।  এ সময় কয়েকটি বাড়িতে দুটি শিয়াল ঢুকে যাকে যেখানে পেয়েছে সেখানেই কামড় দেয় ।"

গোরস্থানে তল্লাশি, পাহারা বসানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি জিলানি ।

রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালের  পরিচালক চিকিৎসক আব্দুল কাদের খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ আহত অবস্থায় ২০জনকে হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আটজনকে ছেড়ে দেয়া হয়েছে।  তবে গুরুতর আহত ১২ জনকে ভ্যাকসিন দিয়ে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।”

রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ বলেন, “ সিটি করপোরেশনের পক্ষ থেকে শিয়ালের কামড়ে আহতদের ভ্যাকসিন প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে ।"