২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতাধিক গ্রামে শনিবার কোরবানির ঈদ

প্রতি বছরের মতো এবারো সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবারই কোরবানির ঈদ করবেন চাঁদপুর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, পটুয়াখালী, চট্টগ্রাম, ভোলা, শেরপুর, লক্ষ্মীপুর, দিনাজপুরসহ দেশের কয়েকটি এলাকার লক্ষাধিক মুসলমান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 07:39 PM

Updated : 25 Apr 2022, 04:46 PM

এসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই ঈদসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন আরবের সঙ্গে মিল রেখে। এতে অন্যান্যবার দেশের বাকি মানুষের সঙ্গে ঈদের আনুষ্ঠানিকতা পালনের ক্ষেত্রে এসব এলাকার একদিনের পার্থক্য থাকে।

তবে বাংলাদেশে সোমবার কোরবানির ঈদ পড়ায় এবার ঈদের আনুষ্ঠানিকতা পালনে দুইদিনের পার্থক্য দেখা দিয়েছে।

শরীয়তপুর জেলার চার উপজেলার ২৫টি,চাঁদপুরের পাঁচটি উপজেলার ৫০টি, মুন্সিগঞ্জের ৭টি, ভোলার চার উপজেলার ১৪টি,শেরপুরের ৩টি, চট্টগ্রাম এবং কক্সবাজারের ৩০টি সহ সারাদেশের প্রায় শতাধিক গ্রামে এই আগাম কোরবানির ঈদ পালিত হবে।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শরীয়তপুর প্রতিনিধি জানিয়েছেন,২৫ টি গ্রামের সুরেশ্বর পীরের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে শনিবার পালন করবে ঈদুল আজহা।

সুরেশ্বর দরবার শরীফের খাদেম ইকবাল নুরী বলেন, "সৌদি আরবের সাথে মিল রেখে প্রায় শত বছর যাবত সুরেশ্বর পীরের অনুসারীরা ঈদ উৎসব পালন করে আসছে।"

তিনি বলেন, ২৫টি গ্রামের অন্তত এক হাজার পরিবার শনিবার ঈদুল আজহা পালন করবে। সুরেশ্বর দরবার শরীফে সকাল সাড়ে ৯ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলেও জানান খাদেম ইকবাল নুরী ।

এদিকে চাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, পীর আল্লামা ইসহাকের অনুসারীরা শনিবার কোরবানির ঈদ পালনের সর্বাত্নক প্রস্তুতি নিয়েছেন।

পীর আল্লামা ইসহাকের নাতি মোহাম্মদ আরিফ চৌধুরী বলেন,  "আগাম ঈদ উদযাপনের লক্ষ্যে আমরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। স্থানীয় লোকজন ইতোমধ্যে তাদের ঈদের কেনাকাটা সম্পন্ন করেছে।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। 

১৯২৮ সাল থেকে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন বলে তিনি জানান।