গাইবান্ধায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, ঢাকা থেকে গাইবান্ধামুখী একটি বাস মাঠেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে অজ্ঞাত পরিচয় এক বাসযাত্রী যুবক মারা যান।
"আহতদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।"
আহত বাসযাত্রীদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি গোপাল চন্দ্র।
এদিকে গোবিন্দগঞ্জের কোমরপুর চৌমাথা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় নান্নু মণ্ডল (৫০) নামে এক সাইকেল আরোহী মারা যান।
নিহত নান্নু পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের আব্বাস মণ্ডলের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম জানান, উপজেলার কোমরপুর চৌমাথা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে বগুড়াগামী একটি মাইক্রোবাস সাইকেল আরোহী নান্নুকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে সাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
