বিজয়ার বিদায় রাগ
একই দিনে মহানবমী আর বিজয়া দশমীর মধ্য দিয়ে শুক্রবার শেষ হলো শারদীয় দুর্গোৎসব; সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা।
সাধারণত নবমীর পরদিন দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের সমাপ্তি হয়, একই দিনে হয় বিসর্জন। তবে এবার নবমী ও দশমীর তিথি হওয়ায় বিসর্জনের ব্যবস্থা হয়েছে একদিন পর।
শুক্রবার ভোর ছয়টা ৫৪ মিনিটের মধ্যে মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজার মাধ্যমে অশুভ আর অকল্যাণের অবসান কামনা করা হয়।
এরপর সকাল ৮টা ২৩ মিনিটের মধ্যে দশমীর বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের পর শান্তিজল গ্রহণ করে শেষ হয় দেবীর শাস্ত্রীয় বিসর্জন।
দর্পণ বিসর্জনের পর অনেক মণ্ডপে চলে ‘মাকে’ বরণ। দুর্গার চরণে সিঁদুর দিয়ে সেই সিঁদুর এক নারী পরিয়ে দেন আরেকজনের কপালে।
বিবাহিত নারী স্বামীর দীর্ঘায়ু ও সংসারের সুখ শান্তি কামনায় এবং অবিবাহিতরা ভাল স্বামী পাওয়ার আশায় এই সিঁদুর বিনিময় করেন বলে ভক্তরা জানান।
অনেক মণ্ডপে এই আচার পালন করা হবে শনিবার বিসর্জনের আগে।
পূজা উদযাপন কমিটির সদস্য রনজিত সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা শনিবার সকালে দেবী বরণের পর রাতে প্রতীমা বিসর্জন দেবেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ জানান, শনিবার বিসর্জনের আগ পর্যন্ত তাদের মণ্ডপগুলোতে দেবী দর্শন চলবে।
শনিবার বিকালে ঢাকেশ্বরী মন্দির থেকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে দেবী প্রতিমা নিয়ে শুরু হবে বিজয়া শোভাযাত্রা।
রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বুড়িগঙ্গার তীরে বিসর্জনের মধ্য দিয়ে মাতৃরূপী দেবীকে এক বছরের জন্য বিদায় জানাবে ভক্তরা।
গত মঙ্গলবার সকালে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।হিন্দু শাস্ত্র মতে, দশভূজা দেবী দুর্গা শান্তি প্রতিষ্ঠার লক্ষে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্তলোকে আসেন। সঙ্গে আসেন তার দুই মেয়ে লক্ষ্মী, সরস্বতী আর দুই ছেলে গণেশ ও কার্তিক।
পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী এসেছেন নৌকায়, যাবেন দোলায় চড়ে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী নৌকায় আসার অর্থ হলো ‘শস্যবৃদ্ধিস্তুথাজলম’, অর্থাৎ একদিকে অতিবৃষ্টি, বন্যা, ঝড়ের মতো দুর্যোগ, অন্যদিকে দ্বিগুণ শস্যবৃদ্ধির যোগ।
আর তিনি দোলায় বা দোলনায় চেপে বিদায় নেয়ার অর্থ হলো ‘দোলায়াং মরকং ভবে’, অর্থাৎ মহামারি, ভূমিকম্প, মন্বন্তরের পূর্বাভাস।
এ বছর সারা দেশে ২৮ হাজার ৪৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হয়। আর ঢাকায় মণ্ডপের সংখ্যা ছিল ২২১টি।
