হজের আনুষ্ঠানিকতা শুরু
মিনায় মুসল্লিদের অবস্থান নেয়ার মধ্য দিয়ে হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
শুক্রবার আরাফাতের ময়দানে জড়ো হবেন মুসল্লিরা, যাকে হজের মূল অনুষ্ঠান বলা হয়। পরদিন সৌদি আরবের ঈদুল আজহার দিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজ।
এই বছর হজ পালন করছে ১৫০টি দেশের ২০ লাখের বেশি মুসলিম, যার মধ্যে প্রায় এক লাখ বাংলাদেশি রয়েছেন।
এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেড় হাজার এবং বেসরকারিভাবে সাড়ে ৯৭ হাজার জন হজে গেছেন।
আরব নিউজ জানায়, হজ পালনে আসা মুসল্লিরা মক্কা থেকে বুধবার রাতে পাশের ছোট শহর মিনায় জড়ো হতে শুরু করেন।
সাদা কাপড়ে আচ্ছাদিত বিভিন্ন বর্ণ, ভাষা, জাতীয়তার লাখো মুসল্লির কেউ বাসে, কেউ গাড়িতে, কেউবা হেঁটেই মিনার পথে রওনা হন, যাদের সবার মুখে ছিল ‘লাব্বায়েক’ ধ্বনি।
বৃহস্পতিবার দুপুরের মধ্যে সব মুসল্লি মিনায় অবস্থান নিয়েছেন বলে জানায় সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি।
হজ করতে আসা ৬৯ বছর বয়স্ক মাওলানা মিনহাজ আকরাম বলেন, “আমরা ভীষণ উজ্জীবিত এবং খুশি। পাশাপাশি একটু স্নায়ুবিক চাপেও ভুগছি।”
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া থেকে মিনহাজের সঙ্গে হজ করতে এসেছেন স্ত্রী সাইয়েদা মাজিদা।
হুইলচেয়ারে বসা এই নারী বলেন, “হজ বিষয়টি সহজ নয়। এটি শারীরিকভাবে কষ্টকর হলেও মানসিকভাবে উদ্দীপনার।”
ভারতীয় দম্পতি লতিফ মোহাম্মদ জাগিরদার এবং তার স্ত্রী শাবানাও হজে আসতে পেরে খুশি।
জাগিরদার বলেন, “আমরা আমাদের অনুভুতি বর্ণনা করতে পারবো না। আমরা এখানে আসার জন্য তিনবছরেরও বেশি সময় অপেক্ষা করেছি। এবারও ৩ লাখ ভারতীয় হজ করতে আবেদন করেছিলেন। মাত্র এক লাখ ৩৬ হাজার জন আসার সুযোগ পেয়েছেন।”
শুক্রবার সকালে তারা সমবেত হবেন প্রায় ৬ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে। সেখানে খুতবা শুনবেন তারা, যা হজের মূল অনুষ্ঠান হিসেবে পরিচিত।
খুতবা শোনার পাশাপাশি দিনভর ইবাদত বন্দেগির পর রাতে মিনার পথে মুজদালিফায় অবস্থান নেবেন মুসল্লিরা, যেখানে পাথর সংগ্রহ করবেন তারা, যা পরে মিনায় জামারাতে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে ছোড়া হবে।
আরব নিউজ জানিয়েছে, এই মুহূর্তে মিনার আবহওয়া ‘খুব চমৎকার’। তাছাড়া হজ উপলক্ষে আয়োজকদের প্রস্তুতিও দারুণ।
শনিবার সকালে মিনায় ফিরে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছোড়ার পর পশু কোরবানি দেবেন মুসল্লিরা। তারপর মক্কায় গিয়ে কাবা ঘর প্রদক্ষিণ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন তারা, পরিচিত হবেন হাজি হিসেবে।
এদিকে সৌদি নিরাপত্তা বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুমতি না থাকায় হজ করতে ইচ্ছুক ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষকে মক্কায় ঢুকতে দেওয়া হয়নি।
এছাড়া ৫১ হাজার ১১২টি গাড়ি মক্কায় প্রবেশের অনুমতি না থাকায় আটকে দিয়েছে হজ পুলিশ। পাশাপাশি ৪০টি ভূয়া হজ সেবা এজেন্সির অপারেটরদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে তদন্ত করছে তারা।
