২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পিটিয়ে অটোচালকের হাত ভাঙ্গলো ট্রাফিক পুলিশ

রংপুরে সংকেত না মানায় লাঠি দিয়ে পিটিয়ে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের ডান হাত ভেঙ্গে দিয়েছে এক ট্রাফিক পুলিশ সদস্য।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2014, 10:40 PM

Updated : 22 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার রাত ৯টায় নগরীর লক্ষ্মী সিনেমা হলের সামনে এ ঘটনায় আহত অটোচালক নুর উদ্দিনকে(২৫)রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের উপ পরিচালক ও চিকিৎসক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ নুর উদ্দিনের ডান হাত ভেঙ্গে গেছে। সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।”

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে নগরীতে ঢুকছিলেন নুর উদ্দিন। লক্ষ্মী সিনেমা হলের সামনে ট্রাফিক বিভাগের এটিএসআই আব্দুর রহমান তাকে থামতে বলেন।

তার নির্দেশ না মানায় এটিএসআই রহমান তার হাতে থাকা লাঠি দিয়ে পেটানো শুরু করে। ঘটনাস্থলেই ডান হাত ভেঙ্গে যায় নুর উদ্দিনের। 

আহত অটোচালক নুর উদ্দিনের বাড়ি রংপুর মেডিকেল কলেজ পূর্বগেটে। এঘটনার পর অটোচালকরা এটিএসআই রহমানের ওপর চড়াও হয়।

পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এটিএসআই আব্দুর রহমান এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রংপুর ট্রাফিক বিভাগের টিএসআই সাদাকাতুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি দুঃখজনক। পেটানো ঠিক হয়নি। বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।” 

রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, “ আহত অটোচালকের চিকিৎসার ভার আমরা নিয়েছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত এটিএসআই’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”