নাক চেপে পথ চলা থেকে আশু মুক্তি নেই
রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক রোকেয়া সরণীতে তালতলা বাসস্ট্যান্ড, বাসের জন্য অপেক্ষা করছিলেন সুলতানা রাজিয়া। তার হাতটি ছিল নাকে; পাশে থাকা কয়েকটি ময়লার কন্টেইনার থেকে আসা দুর্গন্ধই এর কারণ।
চাকরিজীবী সুলতানার প্রতিদিনই এই বাস স্ট্যান্ডে দাঁড়াতে হয়, আর তখন এই দুর্গন্ধ সহ্য করেই থাকতে হয় ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত।
“কী বলব বলুন! প্রতিদিন এভাবেই আমাকে বাসের জন্য অপেক্ষা করতে হয়। আমি জানি না পৃথিবীর কোনো রাজধানী শহরের নাগরিকদের এরকম আবর্জনার সঙ্গে বসবাস করতে হয় কি না,” প্রশ্ন এই নগরবাসীর।
শুধু তালতলাই নয়, রাজধানীতে সড়কের ওপর এই রকম আবর্জনার কন্টেইনার আছে আড়াই শতাধিক, যার দুর্গন্ধ সহ্য করেই পথচলা এই নগরবাসীর। কোরবানির ঈদে এই আবর্জনার সঙ্গে নতুন বর্জ্য যোগ হওয়ার চোখ রাঙানি তো নগরবাসীর জন্য আছেই, যদিও নানা প্রস্তুতির কথা শোনায় কর্তৃপক্ষ।
সড়কে আবর্জনার কন্টেইনার শুধু যে দুর্গন্ধই ছড়ায়, তা নয়; যানজটের কারণও হয় অনেক সময়। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কন্টেইনার নিয়ে সেই অভিযোগ এলাকবাসীর।
বর্জ্যের কন্টেইনারের এই ভোগান্তি থেকে নগরবাসী যে আশু মুক্তি পাবেন, তার কোনো আশা দিতে পারেননি রাজধানীর দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তারা পরিকল্পনার কথা বললেও বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গোড়াতেই রয়েছে গলদ।
উত্তর কি দক্ষিণ- চিত্র একই
নাগরিক সেবা বাড়ানোর কথা বলে ঢাকায় দুই সিটি কর্পোরেশন করার পর কয়েক বছর গড়ালেও অন্তত বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো পার্থক্য ধরা পড়ে না।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তালতলা কিংবা মোহাম্মদপুরের যে চিত্র, একই চিত্রের দেখা মেলে দক্ষিণ সিটি কর্পোরেশনের কারওয়ান বাজার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এলাকা গড়িয়ে পুরান ঢাকায়ও।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায়, শাহবাগে থানার কাছেই একটি কন্টেইনার, যেখানে উপচে পড়ছে বর্জ্য। কন্টেইনারের আশেপাশেও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আবর্জনা।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত মোড়ের দুটি কন্টেইনারেও অবস্থা একই। তবে এখানে কন্টেইনারের আশে পাশে ছড়িয়ে থাকা আবর্জনার পরিমাণ আরও বেশি।
বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের বিপরীতে মহসিন হলের মাঠ সংলগ্ন খোলা রাস্তার এক কোণে স্তূপ করে রাখা আবর্জনাও দেখা যায়।
এফ রহমান হলের পাশে ফুটপাথে ৫ বছর ধরে লেবুর শরবত বিক্রেতা মাসুদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন সকালে দেখি একবার সিটি কর্পোরেশনের লোকজন এসে ময়লা নিয়ে যায়। তারপর সারাদিন ময়লা জমতে থাকে।”
পুরান ঢাকার বংশাল ও সদরঘাটেও রাস্তার পাশে এ রকম আবর্জনা উপচানো কন্টেইনার দেখা গেছে।
মোহাম্মদপুরের বাসিন্দা তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন ভোরে সিটি কর্পোরেশনের গাড়ি এসে ময়লা নিয়ে যাওয়ার কথা, কিন্তু গাড়ি আসতে আসতে বেলা ১১টা-১২টা বেজে যায়। ফলে স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্র ও চাকরিজীবীরা ভোগান্তিতে পড়েন।”
তালতলার মতো কল্যাণপুর, দারুসসালাম রোডে প্রধান সড়কের ওপরেই সিটি কর্পোরেশনের বড় আকারের আবর্জনার কন্টেইনার। এই কন্টেইনারগুলোকে যানজটের জন্য দায়ী করেন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা মিজানুর রহমান।
‘জায়গা নেই, তাই উপায় নেই’
সড়কের ওপর এই কন্টেইনার নিয়ে নগরবাসীর বিস্তর অভিযোগ থাকলেও স্থানাভাবকেই এই জন্য দায়ী করেছেন জনবহুল ঢাকার দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
ঢাকা উত্তরের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেসবাহউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আপাতত আমাদের কিছু করার নেই। কন্টেইনারগুলো রাখার মতো কোনও বাড়তি জায়গা আমরা কোথাও পাচ্ছি না। বাধ্য হয়েই রাস্তার ওপরে এগুলো রাখতে হচ্ছে।”
একই কথা বলেন দক্ষিণের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা রকিব উদ্দিন- “আমাদের স্থানের সমস্যা রয়েছে। ফলে বাধ্য হয়েই কন্টেইনারগুলো রাস্তার পাশে রাখতে হচ্ছে।”
তবে এই দুর্ভোগ থেকে নগরবাসীকে মুক্তি দিতে ছয়টি এলাকায় সাতটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের একটি পরিকল্পনা নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এলাকাগুলো হলো যাত্রাবাড়ী, পান্থপথ, হাজারীবাগ (২টি), ওসমানী উদ্যান, জুরাইন ও কলাবাগান।
“নির্মাণ কাজ শেষ হলে এই ছয়টি এলাকার আবর্জনার কন্টেইনারগুলো এসটিএসেই থাকবে,” বলেন রকিব।
কবে নাগাদ এগুলোর কাজ শেষ হবে- জানতে চাইলে তিনি বলেন, “আশা করেছিলাম, এই বছর ডিসেম্বরের মধ্যেই এগুলোর কাজ শেষ হবে। তবে বিভিন্ন কারণে আমাদের এই টার্গেট পূরণ হচ্ছে না। আশা করি, আর একবছর পরেই এই ছয়টি এলাকায় বসবাসকারীরা উপকৃত হবেন।”
বাকি এলাকাগুলোর কী হবে জানতে চাইলে রকিব বলেন, “আপাতত আমরা ছয়টি এলাকাতেই মনযোগ দিচ্ছি।”
বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা রকিব যতটা আশার কথা শোনালেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খানের সঙ্গে কথা বললে তাতে ফের নিরাশা চলে আসে।
“আমরা আসলে এসটিএস প্রকল্পের কাজ শুরুই করতে পারছি না। যেখানে ঠিকমতো শুরুই করতে পারলাম না, সেখানে কবে শেষ হবে কিভাবে বলব?”
কাজে সমস্যা কোথায়- জানতে চাইলে তিনি বলেন, “একে তো আমাদের জায়গার সমস্যা রয়েছে। তার ওপর কোনো এলাকায় এসটিএস স্থাপন করতে গেলেই বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি, এলাকাবাসী বাধা দেয়।”
“কন্টেইনারগুলো রাখার জন্য পতিত জায়গার আবেদন করে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর চিঠি দেওয়া হয়েছে দুই মাস আগে। ২০ দিন আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বাংলাদেশ রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, ডেসাসহ বিভিন্ন সংস্থাকে ডেকে পতিত জায়গা চেয়ে বৈঠক করেছে।”
বৈঠকের ফলাফল জানতে চাইলে তিনি বলেন, কতটুকু জায়গা প্রয়োজন সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব আহ্বান করে সংস্থাগুলোকে চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
চিঠি দেওয়া হলেও জবাব পাওয়া যায়নি জানিয়ে মেসবাহউল বলেন, “সবকিছুই নির্ভর করছে সংস্থাগুলোর রেসপন্সের ওপর। তাই কবে নাগাদ আমরা কাজ শুরু করতে পারব, তা সঠিক বলতে পারছি না।”
“এটা তো আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া। আশা করি আগামী ৫ বছরের মধ্যে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে,” আশার কথা শোনান তিনি।
কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ দুই কর্পোরেশন এলাকায় প্রতিদিন প্রায় ৫ হাজার টন বর্জ্য জমে।
দক্ষিণে আবর্জনাবাহী খোলা ট্রাক আছে ১৮৩টি, কম্পেক্টর ২০টি ডাম্প ট্রাক ২১টি এবং কন্টেইনার ক্যারিয়ার ২৫৮টি।
এই কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা রকিব জানান, তাদের প্রায় ৫ হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়মিত কাজ করেন।
উত্তরে আবর্জনাবাহী খোলা ট্রাক আছে মোট ৫১টি, কম্পেক্টর (কভারড) ট্রাক ২৫টি, কন্টেইনার ক্যারিয়ার ২৯টি এবং সিএনজি কন্টেইনার ১৪টি। এই কর্পোরেশনে মোট পরিচ্ছন্নতাকর্মী প্রায় ৩ হাজার।
‘আসলে চাই পরিকল্পনা’
কোটি মানুষের শহর ঢাকার সার্বিক বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গোড়াতেই গলদ রয়েছে বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. সারোয়ার জাহান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটির কারণে শুধু যে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে তা নয়, ঢাকা শহরের জলাবদ্ধতা সমস্যার জন্যই এটা দায়ী।
“প্রতিদিন এই শহরে প্রায় ৫ হাজার টন বর্জ্য উৎপাদন হয়, কিন্তু সিটি কর্পোরেশন পরিষ্কার করে শতকরা ৮০ থেকে ৮৫ ভাগ বর্জ্য। বাকি যে বর্জ্যগুলো থেকে যায়, সেগুলো বৃষ্টির পানিতে ধুয়ে ড্রেনগুলোতে পড়ে, ড্রেনেজ সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় এবং একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা হয়।”
“বাংলাদেশে অ্যাক্ট না থাকলেও থ্রি আর রুল রয়েছে। এগুলো হলো রিডিউস, রিসাইক্লিং এবং রিইউজ। কিন্তু এই রুল মানা হয় না।”
নগর কর্তৃপক্ষ জায়গার সমস্যার যে কথা বলছে, তাকে মূল সমস্যা বলে মনে করেন না এই নগর পরিকল্পনাবিদ।
“জায়গার সমস্যা বিশ্বের অনেক শহরেই আছে, সেটা মূল সমস্যা নয়। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে এখানে কোনও সিস্টেম নেই, সমন্বয় নেই এবং সবকিছু কেন্দ্রীভূত।”
“বিশ্বের অন্যান্য শহরে নগর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে বিভিন্নভাবে নাগরিকদের ইনভলভ করা হয়। মেক্সিকো সিটি, ম্যানিলায় দরিদ্র নাগরিকদের এক্ষেত্রে আর্থিক প্রণোদনা দেয়া হয়, এছাড়া নাগরিকদের সচেতন করার জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। একটা প্রোপার প্ল্যানিং, একটা সমন্বিত কার্যক্রম দরকার। কম্যুনিটিকে ইনভলভ করতে হবে। বড় বড় কথা বলে তো লাভ নেই।”
মূলত বাসা-বাড়িতেই আবর্জনা তৈরি হয় বলে তার পরামর্শ, শুরুতেই পচনশীল এবং অপচনশীল আবর্জনাকে আলাদা করে ফেলতে হবে।
“আমাদের রিসাইক্লিং এবং রিইউজের বিষয়টিতে অধিকতর মনযোগ দেয়া দরকার। যতক্ষণ পর্যন্ত আমরা আমরা ভাবব যে এটা শুধু আবর্জনা এবং আমাকে এটাকে আমাদের ডাম্প করতে হবে, ততক্ষণ অবস্থার কোনও পরিবর্তন হবে না। আবর্জনাকে যখন আমরা রিসোর্স হিসেবে বিবেচনা করতে শিখব, তখনই এই অবস্থার পরিবর্তন সম্ভব,” বলেন তিনি।
