২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জের দেওয়ানতলা সেতু হুমকির মুখে

বন্যার পানির প্রবল চাপে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দেওয়ানতলা সেতু যেকোন সময় ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2014, 08:18 PM

Updated : 13 Oct 2022, 12:38 PM

উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে এই সেতুটির অবস্থান, যার চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আশঙ্কা প্রকাশ করে বলেন, "বন্যার পানির প্রবল চাপে সেতুর পাশাপাশি এর সংযোগ সড়কও যেকোন সময় বাঙ্গালি নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে।" 

সেতুটি ধসে গেলে গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে।

ঘটনাস্থল পরিদর্শন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানিয়েছেন, বৃষ্টি ও উজান থেকে নেমে আসা বন্যার পানির তোড়ে দেওয়ানতলা সেতুর সংযোগ সড়ক ইতোমধ্যে ধসে যেতে শুরু করেছে।

তিনি জানিয়েছেন, পরিস্থিতি বিপদজনক হয়ে যাওয়ায় স্থানীয়রা বাঁশের 'পাইলিং' দিয়ে সেতু রক্ষার চেষ্টা করছেন।

এদিকে বারবার যোগাযোগের পরেও প্রথমে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন কর্তৃপক্ষের সাড়া পায়নি বলে নাম প্রকাশে বেশ কয়েকজন অভিযোগ করেছেন।

তবে গাইবান্ধায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা জেলা প্রশাসককে ফোনে প্রকৃত অবস্থা জানালে তার উদ্যোগে বুধবার থেকে সেতুটির মেরামত কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল লতিফ প্রধান।

এদিকে মঙ্গলবার সকাল থেকে এ সড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।