নওগাঁয় 'অস্ত্র বিক্রেতা' আটক
নওগাঁ শহরের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তলসহ অস্ত্র এক যুবককে আটক করেছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)।
বিজিবি-৪৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মজিবুল হক শিকদার জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবকাশ আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।
আটক রায়হানুল ইসলাম মিলন (৩০) আত্রাই উপজেলার জামগ্রাম এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মজিবুল বলেন, গোপন খবর পেয়ে বিজিবির সহায়তায় এনএসআই এ অভিযান চালায়। এ সময় হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে ভারতের তৈরি একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ রায়হানকে আটক করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন রায়হান। পরে তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”
