২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় প্রতিবন্ধী নারী খুন, স্বামী আটক

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রতিবন্ধী নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2014, 12:46 PM

Updated : 22 Aug 2022, 07:13 PM

কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান, রোববার গভীর রাতে কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের কালডাইয়া গ্রামে বসতঘরের পাশের একটি গর্ত থেকে আমেনা বেগমের (২৫) লাশ উদ্ধার করা হয়।

রাত ১১টার দিকে আমেনার লাশ উদ্ধারের পর তার স্বামী কাজল মিয়াকে আটক করা হয় বলে জানান তিনি।

“কাজল মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন,” বলেন ওসি আহসান উল্লাহ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, কাজল কালডাইয়া গ্রামে তার এক বোনের জমিতে বাড়ি করে স্ত্রী আমেনা এবং সামিয়া (৮), সাঈমা (৪) ও সাদিয়া (২) নামে তিন শিশু কন্যাকে নিয়ে বসবাস করে আসছিলেন।

রোববার রাত ৮টার দিকে আটা কিনতে পাশের রায়েদ দরগাহ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান কাজল। এর ঘণ্টাখানেক পর তিন মেয়ে মাকে খুঁজে না পেয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে কাঁদছিল।

এর মধ্যে কাজলও বাড়িতে ফিরে আসেন। এ সময় প্রতিবেশী ও বাড়ির অন্য লোকজন খোঁজাখুঁজি করে বসতঘরের পিছনে পুরনো গর্তে আমেনার লাশ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে আমেনার মৃতদেহ উদ্ধার করে। লাশের পাশ থেকে রক্তমাখা একটি ব্লেড ও রক্তমাখা একটি লুঙ্গি উদ্ধার করা হয়।

নিহতের মেয়ে সামিয়া জানায়, “মা বাড়ির কাজ করছিলেন। হঠাৎ কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা মায়ের খোঁজ করেও কোন হদিস পাচ্ছিলাম না।”