২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলল বিমান জাদুঘর

নির্মাণ কাজের কিছু অংশ এখনও বাকি থাকলেও সবার জন্য খুলে দেওয়া হয়েছে বিমান বাহিনীর নতুন জাদুঘর, যাতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ডাকোটা বিমানটিসহ বেশকিছু ঐতিহাসিক নিদর্শন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 10:32 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

রোববার রাজধানীর তেজগাঁও বিমানবন্দরের পশ্চিম রানওয়েতে স্থাপিত এই জাদুঘর উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী।

জাদুঘরের অন্যতম আকর্ষণ হল ঐতিহাসিক একটি ডাকোটা বিমান, যা গত ১৯ অগাস্ট বাংলাদেশ বিমানবাহিনীকে উপহার দেয় ভারত।

মুক্তিযুদ্ধের ক্রান্তিলগ্নে এই উড়োজাহাজটি টাঙ্গাইলে ভারতীয় ছত্রীসেনাদের নামানোর কাজে ব্যবহৃত হয়েছিল। এছাড়া বাংলাদেশ বিমানবাহিনীর যাত্রাকালেও এর বিশেষ ভূমিকা ছিল ।

জাদুঘরের দায়িত্বে থাকা বিমান বাহিনীর বাশার ঘাঁটির ওআইসি উইং কমান্ডার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমান বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য ও উন্নয়ন পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে এ জাদুঘরের গোড়াপত্তন করা হয়েছে।”

জাদুঘরটিতে মোট ২১ টি যুদ্ধবিমান, ২টি হেলিকপ্টার এবং বিমানবাহিনী ব্যবহৃত দুটি রাডার দর্শকদের দেখার জন্য রাখা হয়েছে।

ডাকোটার পাশাপাশি জাদুঘরে স্থান পেয়েছে 'এ্যালিউট' হেলিকপ্টারের, যেটি দিয়ে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সেনানিবাসে আঘাত হানা হয়েছিলো। এই হেলিকপ্টারটি ১৯৮০ সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছে।

বিমানবাহিনীর যাত্রী পরিবহনের প্রশিক্ষণে ব্যবহৃত কানাডায় তৈরি একটি 'অটার' উড়োজাহাজ রাখা হয়েছে জাদুঘরে, যেটিও ১৯৮০ সাল পর্যন্ত ব্যবহার করা হয়েছে। প্রথম পরিবহন উড়োজাহাজ বলাকাকেও স্বগর্বে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহৃত একটি এফ ৮৬ যুদ্ধবিমানসহ  ভারতের মিত্রবাহিনীর ব্যবহৃত তিনটি যুদ্ধ বিমান- হান্টার, মিগ-২১ এফএল এবং ন্যাটও এতে ঠাঁই করে নিয়েছে।  

এছাড়া বিমানবাহিনী ব্যবহৃত জার্মানির তৈরি গ্লাইডার, চীনের তৈরি এফ টি ৫ মডেলের বিমান, সোভিয়েত ইউনিয়নের তৈরি এম আই ৮ হেলিকপ্টার এবং রাশিয়ার তৈরি এন-২৪ এয়ারক্র্যাফট-এর দেখা মিলবে জাদুঘরে।

মুক্তিযুদ্ধে বিমানবাহিনীর শহীদদের স্মরণ করতে তৈরি করা হয়েছে শহীদ কর্নার।

তবে বিমান বাহিনীর বিভিন্ন পদের সদস্যদের বিভিন্ন সময়ে ব্যবহৃত পোশাক, র‌্যাংক, ক্যাপ-ব্যাজ প্রদর্শনের বিশেষ গ্যালারি এবং মুক্তিযুদ্ধে এই বাহিনীর অবদানকে স্মরণ করিয়ে দিতে মুক্তিযুদ্ধ গ্যালারির নির্মাণ কাজ এখনো শেষ হয়নি।

সোম থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জাদুঘরটি সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। রোববার রক্ষণাবেক্ষণের জন্য জাদুঘর বন্ধ থাকবে।

জাদুঘরে প্রবেশমূল্য রাখা হয়েছে ২০ টাকা।