সিলেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
সিলেট শহরতলীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের বিচার ও ধর্ষণকারীর শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।
রোববার দুপুরে ছালিয়া এলাকায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দুই ঘণ্টা অবরোধ করে মেয়েটির স্কুল ছালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার লোকজন।
ছালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিখাংশু রঞ্জন দাস জানান, শনিবার দুপুরে খাদিমনগর ইউনিয়নের ছালিয়া বড়বাড়ীর মুজিবুর রহমান ময়ুরের ছেলে রিপন ওরফে রুপম (২৫) স্কুলে আসার পথে আখ ক্ষেতে নিয়ে শিশুটিকে (১০) ধর্ষণ করে।
ওই ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বিমানবন্দর থানার ওসি মো. শাহ জামান জানান, এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে রোববার একটি মামলা দায়ের করেছেন।
রিপন পলাতক জানিয়ে ওসি বলেন, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১১টায় রঙ্গিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছে।
দুপুর ১২টায় ছালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় রিপন ওরফে রুপমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিখাংশু রঞ্জন দাস, সহকারী শিক্ষক সায়েরা বেগম, শিউলী রানী পুরকায়স্থ, পিয়াংকা দাস প্রমুখ।
এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হক, আবুল কালাম নোমান, এনায়েত আহমদ, সিপলু আহমদ, রুহুল আমিন, মোক্তার হোসেন, রুবেল আহমদ, ফয়সল আহমদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শেষে ছাত্র-ছাত্রীরা সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
