২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ খুনের তদন্ত কমিটিতে তলব র‌্যাবের ডিজিকে

র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে নারায়ণগঞ্জের সাত খুনের তদন্ত কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 04:47 PM

Updated : 22 Aug 2022, 07:13 PM

সোমবার বেলা আড়াইটায় তাকে সচিবালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন আদালতের নির্দেশে গঠিত এই প্রশাসনিক তদন্ত কমিটির সদস্য আবুল কাশেম মহিউদ্দিন।

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে র‌্যাবপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই কমিটি এর আগে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকেও জিজ্ঞাসাবাদ করেছিল।

কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার হত্যাকাণ্ডে র‌্যাবের কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

র‌্যাবে থাকা সামরিক বাহিনীর তিন কর্মকর্তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

মহিউদ্দিন বলেন, বাহিনীর প্রধান হিসাবে মোখলেছুর রহমানকে ডাকা হয়েছে। কারণ এই খুনের সঙ্গে কয়েকজন র‌্যাব সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

সাত খুনের ঘটনায় র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে হাই কোর্টের নির্দেশে গত ৭ মে এই তদন্ত কমিটি করে সরকার।

নারায়ণগঞ্জের অপহরণ ও হত্যার সঙ্গে প্রশাসনের কোনো সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা বা সংশ্লিষ্টতা ছিল কি না- গণতদন্তের মাধ্যমে তা উদঘাটন করতে বলা হয় এই কমিটিকে।

অপহৃত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না- কমিটিকে তা খতিয়ে দেখতে বলা হয়।

গত ২ সেপ্টেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটির প্রধান জানান,৯ সেপ্টেম্বর আদালতে অগ্রগতিমূলক তদন্ত প্রতিবেদন দিয়ে শিগগিরিই চূড়ান্ত প্রতিবেদন দেবেন তারা।

মহিউদ্দিন জানান, তদন্ত কমিটি প্রায় চারশ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে আরো তিন-চার জনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

তবে কবে নাগাদ চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে সে বিষয়ে কিছু বলেননি তদন্ত কমিটির কর্মকর্তারা।

Image
গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

অপহরণের ঘটনার পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়। নূর হোসেন র‌্যাবকে ছয় কোটি টাকা দিয়ে সাতজনকে হত্যা করিয়েছেন বলে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন।

শুরুতে অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেও অপহৃতদের লাশ উদ্ধারের পর লোকচক্ষুর আড়ালে চলে যান নূর হোসেন। পরে দুই সহযোগীসহ তিনি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন।

র‌্যাবের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়।

গ্রেপ্তার হওয়ার পর কয়েক দফায় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের ‘দোষ স্বীকার’ করে আদালতে তারা জবানবন্দিও দেন।

এই সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জের আলোচিত সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিন হায়াৎ আইভীকেও জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।

পুরনো খবর:

সাত খুন: কর্নেল জিয়াকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
কর্নেল জিয়ার বক্তব্যে আদালতের উষ্মা
৭ খুন: ডিআইজি নুরুজ্জামানকে দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ
সাত খুনের তদন্তের অগ্রগতি সন্তোষজনক: আইজিপি
নারায়ণগঞ্জের নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার
র‌্যাব হুমকি দিচ্ছে, অভিযোগ নজরুলের শ্বশুরের
‘র‌্যাবের সহায়তায় নূর হোসেন কলকাতায়’