২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

নেত্রকোনার মদন থানা এলাকার একটি হত্যা মামলার এক আসামিকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 06:30 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

শনিবার দুপুরে তিতুমীর কলেজ এলাকা থেকে দেলোয়ার হোসেন মুন্নাকে (২৩) গ্রেপ্তার করা হয় বলে বনানী থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন জানান।

সরকারি বাংলা কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুন্না মদন থানার খাগুরিয়া মোড়ল বাড়ি এলাকার নুরুল ইসলাম (৭৫) হত্যা মামলার আসামি। তবে এই হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন মুন্না।

নিহত নুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৮ জুলাই সকালে তাদের গ্রামের আলতু মিয়া(৬০), তার ছেলে রুবেল (২৬), সোহেল (২৪), জুয়েল (২২) ও জাকার (২০) এবং আলতু মিয়ার ভাই আবুল মিয়া (৬২) ও তার ছেলে মুন্না দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

“একটি ঘর নির্মাণে বাধা দিতে এসে তারা এই হামলা চালায়। তারা বল্লম, চাপাতি, রামদা দিয়ে আমাকে, আমার বাবা নুরুল ইসলাম ও ভাই শহিদুল্লাহকে কুপিয়ে জখম করে।

“পরে আব্বার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যান বলে তাজুল জানান।

এদিকে শনিবার গ্রেপ্তার হওয়ার পর মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই মারামারিতে জড়িত দুই পক্ষই আমার আত্মীয়। একটি তাল গাছ কাটা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া থেকে মারামারি হয়। এ থেকেই এই দুর্ঘটনা ঘটে।

“গ্রাম্য এসব ঝামেলা এড়াতে আমি অধিকাংশ সময় ঢাকায় থাকি। গ্রামে যাওয়া প্রায় বাদই দিয়েছি। ঢাকায় থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করে বাংলা কলেজে ভর্তি হয়েছি।”