২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বন্যা পরিস্থিতির উন্নতি

ছোট যমুনা ও আত্রাই নদীর পানি কমতে থাকায় নওগাঁয় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 06:04 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

শনিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মুক্তার হোসেন খান জানান, গত ২৪ ঘণ্টায় ছোট যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার ও আত্রাই নদীর পানি ১৮ সেন্টিমিটার কমেছে।

তিনি বলেন, পানি কমায় বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। তবে পানি কমছে খুব ধীর গতিতে।

আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মোয়াজ্জেম হোসেন চান্দু বলেন, উপজেলার সাহাগোলা, ভোঁপাড়া ও রানীনগর উপজেলার গোনা, কাশিমপুর এবং মিরাট ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার অন্তত পাঁচশ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমন্ত হেনরী কুবি জানান, উপজেলায় বর্ন্যাতদের জন্য সাত মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

তিনি বলেন, আত্রাইয়ের মিরাপুর এলাকায় ভেঙে যাওয়া রাস্তা মেরামত না করায় জেলা সদরের সঙ্গে আত্রাই উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা এখনো চালু হয়নি। তবে দ্রুত রাস্তা মেরামত করে যোগাযোগ ব্যবস্থা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।