পদ্মায় ৫ ঘণ্টা ফেরি আটকা
কাওড়াকান্দি থেকে মাওয়াগামী একটি ফেরি যানবাহন ও অন্তত একশ যাত্রীসহ প্রায় পাঁচ ঘণ্টা পদ্মা নদীর ডুবোচরে আটকে ছিল।
ফাইল ছবি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, আটকা পড়ার প্রায় পাঁচ ঘণ্টা পর একটি টাগ জাহাজ ফেরিটিকে টেনে মাওয়া ঘাটের দিকে নিয়ে যায়।
বিকালে কাওড়াকান্দি ঘাট থেকে ফেরিটি মাওয়ার উদ্দেশে রওয়ানা দেয়। মাঝিকান্দি এলাকায় পৌঁছলে ফেরিটি পদ্মার একটি ডুবোচরে আটকে যায় বলে তিনি জানান।
ফেরিতে থাকা এক যাত্রী সালাহউদ্দিন বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ৩টায় ফেরিটি কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশে রওয়ানা হয়। আধঘণ্টার মতো চলার পর এটি একটি ডুবোচরে আটকা পড়ে।
ফেরিতে ১৫টির মতো ট্রাক, ৮/১০টির মতো মাইক্রোবাস ও প্রাইভেটকার এবং নারী-শিশুসহ অন্তত ১০০ যাত্রী রয়েছেন।
রাতে একটি উদ্ধারকারী যান তাদের ফেরিটিকে টেনে মাওয়ার দিকে নিয়ে যায় বলে তিনি জানান।
