২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর নিম্নাঞ্চলে প্লাবন

ভারি বর্ষণ ও উজানের ঢলে নদ-নদীর পানি বেড়ে নওগাঁর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

সাদেকুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 03:46 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

ছোট যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে শহর রক্ষা বাধেঁর ফ্লাড ওয়ালের আউটলেট ও খানাখন্দক দিয়ে পানি ঢোকায় জেলা শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে সদর, আত্রাই, রানীনগর ও মান্দা উপজেলা।

পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর পানি হ্রাস পেলেও এখনো বিপদসীমার উপর রয়েছে।

আত্রাই উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) হেমন্ত হেনরি কুবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার শাহাগোলা, ভোপাড়া, মুনিয়ারী ও রানীনগর উপজেলার গোনা,কাশিমপুর, মিরাট ও বড়গাচাসহ ৭টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

এসব এলাকার প্রায় ৬ হাজার হেক্টর জমির আমন ফসল পানিতে তলিয়ে গেছে। গ্রাম ও গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ৩ লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি রয়েছে।

এসব এলাকার লোকজন অনেকেই বাড়িঘরে পানি ওঠায় উঁচু রাস্তা, বাঁধ, স্কুল কিংবা মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন।

নওগাঁ-আত্রাই সড়কের তিন স্থানে ভেঙে যাওয়ায় সরাসরি যোগাযোগ এখনও চালু করা সম্ভব হয়নি।

বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া বন্যার্তদের স্থানীয়ভাবে সাহায্য করা হচ্ছে বলে জানানিইউএনও হেমন্ত।

রানীনগরের ইউএনও মনিরুল ইসলাম পাটোয়ারি জানান, শুক্রবার বিকাল থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন খান

জানান, ছোট যমুনা নদীর পানি অস্বাভাবিক বেড়ে গিয়ে শুক্রবার সকালে ৯টায় বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ১২ ঘণ্টার ব্যবধানে ২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

একইভাবে আত্রাই নদীর পানি ৯ সেন্টিমিটার কমে এখন বিপদ সীমার ৪৬ সেন্টিমিটার উপর দিযে প্রবাহিত হচ্ছে।