লৌহজংয়ে অপহৃত যুবলীগ নেতার লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্থানীয় এক যুবলীগ নেতাকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রফিকুল ইসলাম রফিক (৩২) লৌহজং উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক এবং উপজেলার কাজির পাগলা এলাকার বাসিন্দা।
লৌহজং থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, শুক্রবার সকালে কাজির পাগলা এলাকার একটি চিতাখোলার পাশের ধঞ্চে ক্ষেত থেকে হাত-পা বাঁধা ও পায়ের রগকাটা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার ইসলামপুরের কর্মস্থলে যাওয়ার সময় বাড়ির কাছের কাজির পাগলা কাদের সড়ক থেকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে একটি মাইক্রোবাসে তুলে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওসি তোফাজ্জেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কাজীর পাগলা কাদের সড়কে একটি সাদা রঙের মাইক্রোবাস রফিককে তুলে মাওয়ার দিকে যায়। পরে সকাল ১০টার দিকে মাইক্রোবাসটি চন্দ্রেরবাড়ি সড়ক দিয়ে আবার কাজীর পাগলা এলাকায় এসে চিতাখোলায় যায়।
“দিনভর চেষ্টা করে রফিকের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা জানানোর পর পুলিশ অনুসন্ধানে বের হয়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চিতাখোলার ঘরের সামনে রফিকের ব্যবহার করা স্যান্ডেল ও দুর্বৃত্তদের ব্যবহার করা তিনটি মুখোশ পাওয়া যায়।
“সেখানে ছোপ ছোপ রক্তের দাগও দেখা যায়। চিতাখোলা এলাকায় সারারাত লাশের খোঁজের তল্লাশি চালানোর পর শুক্রবার সকালে পাশের ধঞ্চে ক্ষেতে রফিকের হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়।”
তার ধারণা, ওই ঘটনার কারণেই রফিককে হত্যা করা হয়ে থাকতে পারে।
