আইএসের জন্য জঙ্গি সংগ্রহের ওয়েবসাইট খুলে তরুণ গ্রেপ্তার
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জন্য অনলাইনে সদস্য সংগ্রহের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে মো. হিফজুর রহমান নামের ২২ বছর বয়সী ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।
হিফজুর সিলেটের শাহজালাল উপ-শহর এলাকার সরকারি তিব্বিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শুক্রবার হিফজুর রহমানকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, “সে নিজের ফেইসবুকে আইএসআইএস বাংলাদেশ নামের একটি পেইজ খুলে জঙ্গি সংগঠন আইএসের জন্য কথিত জিহাদী সংগ্রাহকারী হিসেবে কাজ করছিল বলে গোয়েন্দারা অনলাইন মনিটরিংয়ে দেখেছেন।”
তবে আইএসের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে বাস্তব কোনো তথ্য পাওয়া যায়নি বলে ব্রিফিংয়ে জানানো হয়।
“আটক হিফজুর রহমান আগে নিষিদ্ধ সংগঠন জেএমবির সক্রিয় সদস্য ছিল। সম্প্রতি সে বাংলাদেশের পার্শ্ববর্তী কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তবে মধ্যপ্রাচ্যের কোনো দেশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সে সফল হয়নি।”
এর আগে বুধবার রাজধানীর সেগুনবাগিচা ও রমনা এলাকা থেকে মো. আসিফ আদনান (২৬) ও মো. ফজলে এলাহী তানজিল (২৪) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়, যারা ইসলামিক স্টেটে যোগ দেয়ার পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা পুলিশের দাবি।
আদনান ও তানজিল উগ্রপন্থী সংগঠন ‘আনসারউল্লাহ বাংলাটিম’ এর সদস্য। এদের মধ্যে আদনান সুপ্রিম কোর্টের সাবেক এক বিচারপতির ছেলে এবং তানজিলের মা একজন ওএসডি যুগ্ম সচিব বলে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।
তার আগে ২০ সেপ্টেম্বর নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদিনের (জেএমবি) একাংশের ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ সাত জঙ্গিকে গ্রেপ্তারের পরও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে তাদের জন্য কাজ করার পরিকল্পনা করেছিল।
ইরাক ও সিরিয়ার বিরাট এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে কয়েক মাস আগে সেখানে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় ইসলামিক স্টেট জঙ্গিরা। ইরাকের বেসামরিক নাগরিকদের ওপর মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগ রয়েছে এই গোষ্ঠীর বিরুদ্ধে।
সম্প্রতি বন্দি দুই মার্কিন সাংবাদিক ও এক ব্রিটিশ ত্রাণকর্মীর শিরশ্ছেদ করে ইন্টারনেটে তার ভিডিও প্রকাশ করে আইএস।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সদস্য সংগ্রহ করে আরো শক্তিশালী হয়ে উঠছে উগ্র ইসলামিক এই সংগঠন। তাদের মধ্যে বিশ্বের অন্তত ৮০টির বেশি দেশের ১৫ হাজারের বেশি ‘যোদ্ধা’ রয়েছে বলে যুক্তরাষ্ট্রের ধারণা।
এই জঙ্গি গোষ্ঠীকে দমাতে গত অগাস্টে ইরাকে তাদের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সিরিয়াতেও বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।
বিভিন্ন দেশ থেকে ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সংগ্রহ ঠেকাতে জাতিসংঘের সদস্য দেশগুলোকে ব্যবস্থা নেয়ার তাগাদা দিয়ে একটি প্রস্তাবও পাস করেছে নিরাপত্তা পরিষদ।
