২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ দেড় মাস; পুলিশ জানাল, ধরেছি গতকাল

প্রায় দেড় মাস ধরে নিখোঁজ দুই ‘জঙ্গিকে’ গ্রেপ্তারের খবর দিয়ে পুলিশ দাবি করেছে, একদিন আগেই এদের আটক করা হয়েছে।

লিটন হায়দার

ও গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 09:54 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

এই দুজনকে এক মাসের বেশি সময় আগে ধরে নেওয়া হয়েছিল বলে তাদের স্বজনরা দাবি করেছেন। ওই ব্যক্তিরা অপহৃত হয়েছেন বলে পুলিশ স্বীকার করলেও এই বিষয়ে আর কিছু বলেনি।

এই দুজন হলেন- খায়রুল ইসলাম (২৪), শফিকুল ইসলাম (৩৫)। তাদের সঙ্গে মোহাম্মদ আহসান উল্লাহ (২৪) নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি নিখোঁজ তিন সপ্তাহ ধরে।

খায়রুল রাজধানীর উত্তরার ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রনিক্সের শেষ বর্ষের ছাত্র। টাঙ্গাইলের শিশু বিশেষজ্ঞ খন্দকার মোসদ্দেক হোসেনের ব্যক্তিগত গাড়িচালক সফিকুল ইসলাম এবং টাঙ্গাইলের মীরের বেতাগি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক আহসান উল্লাহ।

তাদের মতোই গত এক মাস থেকে নিখোঁজ টাঙ্গাইলের ধুলেরচর মাদ্রাসার শিক্ষক জুবায়েরের কোনো সন্ধান এখনো মেলেনি।

খায়রুল, শফিকুল ও আহসান নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর সদস্য বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দাবি।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, “বুধবার রাতে খিলগাঁওয়ের ডিআইটি রোডের আল কাদেরিয়া হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে রামপুরা থেকে এই তিনজনকে গ্রেপ্তারের কথা বলা হলেও রামপুরার কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা বলা হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের কাছে বিস্ফোরক জাতীয় পদার্থ, বোমা তৈরির সার্কিট, রিমোট কন্ট্রোল ডিভাইস এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

খায়রুলের স্ত্রী কানিজ ফাতেমা চৈতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ অগাস্ট তার স্বামীকে ‘প্রশাসনের লোক’ পরিচয় দিয়ে গাজীপুরের খালতলিয়া বাজারের মাষ্টারবাড়ি সংলগ্ন এলাকার বাসা থেকে তুলে নিয়ে যায় ১৫/২০ জন ব্যক্তি।

শফিক যে গাড়ি চালান, তার মালিক ডা. মোসাদ্দেক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শফিককে ১০ অগাস্ট রাত থেকে পাওয়া যাচ্ছিল না। এজন্য স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।

শফিকের ভাই ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বৃহস্পতিবার একটি সংবাদপত্রে দেখেন যে তার ভাই ডিবিপুলিশের হেফাজতে রয়েছে।

স্বজনদের এই বক্তব্য তুলে ধরলে পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “খায়রুল ও শফিককে কয়েকমাস আগে কেউ অপহরণের উদ্দেশ্যে তুলে নিয়েছিল বলে তারা জানিয়েছে। দুই দিন আটকে রাখার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর তারা পলাতক ছিল।”

অপহরণকারীদের সনাক্ত করা যায়নি বলে জানান মনিরুল। তাছাড়া কেন অপহরণ করা হয়েছিল আর কেনইবা ছেড়ে দেওয়া হল, সে বিষয়েও স্পষ্ট কোনো বক্তব্য আসেনি সংবাদ সম্মেলনে।

খায়রুলকে ৯ অগাস্ট রাতে গাজীপুরে তার বাসা থেকে তুলে নেওয়ার সময় দুটি মাইক্রোবাস ও দুটি জিপ গাড়ি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

১০ অগাস্ট সন্ধ্যার পর একইভাবে কুমুদিনী মহিলা কলেজের সামনে থেকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় গাড়িচালক শফিককে, তখনো আশেপাশে জিপ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

১৩ সেপ্টেম্বর রাতে মীরের বেতাগি এতিমখানা ও মাদ্রাসা থেকে আহসানউল্লাহকে তুলে নেওয়ার প্রক্রিয়াও ছিল একই।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা দাবি করেছেন, র‌্যাব সদস্যরাই এদের তুলে নিয়ে গিয়েছিল। তবে র‌্যাব তা অস্বীকার করে।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় জিডি করা হলেও পুলিশের কোনো তৎপরতা ছিল না বলে প্রত্যেকের স্বজনরা অভিযোগ করেছেন। 

মানবাধিকার সংগঠনগুলোও বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ করে আসছে। সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টও এই ধরনের আটকদের হয় আদালতে সোপর্দ অথবা ছেড়ে দেওয়ার আহ্বান জানায়।

উত্তরা নর্দার্ন বিজ্ঞান ‍ও প্রযুক্তি ইন্সটিটিউটের খণ্ডকালীন শিক্ষক খায়রুল কোনো দলের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন তার স্ত্রী চৈতি।

তবে সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, এরা সবাই বোমাহামলার প্রশিক্ষণ নেওয়া জঙ্গি।  

“পাঁচশত গজ দূর থেকে লক্ষ্য বস্তুতে বোমা হামলার করার অত্যাধুনিক ডিভাইস তৈরির ‘পরিকল্পনা’ করেছিল গ্রেপ্তাররা। আগে দুইশ গজ দূর থেকে বোমা হামলা করে সফলও হয়েছিল তারা।”

খায়রুল একজন  ‘মুরুব্বির’ নির্দেশে রিমোট কন্ট্রোল বোমার সার্কিট ডিজাইনের কাজ শেষ করেছিলেন বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মনিরুল বলেন, তারা আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরির সম্প্রতি প্রচারিত ভিডিও বার্তায় উৎসাহিত হয়ে ইরাক-সিরিয়া থেকে ‘জিহাদের’ বাস্তব অভিজ্ঞতা নিয়ে আফগানিস্তান ও মিয়ানমারের আরাকান এলাকায় গিয়ে ‘জিহাদে’ অংশ নেওয়ার পরিকল্পনাও করেছিল।

এক বাংলাদেশি তাদের অর্থ দিচ্ছিল দাবি করে যুগ্ম কমিশনার মনিরুল তার নাম না উল্লেখ করে বলেন, “আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।”

‘নিখোঁজ’ জুবায়েরের ভাই ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ অগাস্ট রাতে একটি মাইক্রোবাসে তার ভাইকে তুলে নেওয়া হয়েছিল। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী বিভিন্নজনের সঙ্গে কথা বলে ফারুক জানতে পেরেছেন, ধুলেরচর মাদ্রাসার বাইরে একটি মাইক্রোবাস দাঁড়ানো ছিল। তার ভাই মাদ্রাসার বাইরে আসা মাত্রই মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। অন্ধকার থাকায় কেউ মাইক্রোবাসের নম্বর বা কারা তুলে নিয়েছিল, তাদের চিনতে পারেনি।

পুরনো খবর:

‘আইএসে যোগ দিতে আগ্রহী’ দুই আনসারউল্লাহ সদস্য গ্রেপ্তার