ফয়সাল মোর্শেদের সাজা বাতিল রায়ের একাংশ স্থগিত
দুর্নীতির মামলা থেকে সাবেক মন্ত্রী মোর্শেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদ খানকে অব্যাহতি দিয়ে আপিল বিভাগের রায়ের একাংশ স্থগিত হয়েছে।
রাষ্ট্রপক্ষের করা পুনর্বিবেচনার আবেদনের শুনানির পর চেম্বার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর আদালত থেকে নতুন এই আদেশ আসে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুরাদ রেজা। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।
মোর্শেদ খান বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
২০০৭ সালের ১০ ডিসেম্বর গুলশান থানায় দুদক সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।
মামলার অভিযোগে বলা হয়, সম্পদের হিসাব বিবরণীতে ৬ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৫৯০ টাকার সম্পদের তথ্য গোপন করেন ফয়সাল মোর্শেদ।
ঢাকার বিশেষ জজ আদালত ২০০৮ সালের ২০ অগাস্ট তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল। ২০১০ সালের ৩ অগাস্ট হাই কোর্ট সাজা বাতিল করে। এরপর এই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করে দুদক।
গত ৫ মে বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ ওই আবেদন খারিজ করে দেয়। বেশ কিছু পর্যবেক্ষণসহ সম্প্রতি এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আবেদনের শুনানির পর বৃহস্পতিবার চেম্বার বিচারপতি এ বিষয়ে আদেশ দেন। আদেশে পর্যবেক্ষণগুলো স্থগিত করে দেয়া হয়।
খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপিল বিভাগে পর্যবেক্ষণে দুদককে আয়কর বিবরণীর হিসাব আমলে নিতে বলা হয়েছে। এই রায় থাকলে আয়কর বিবরণীর বাইরে দুদকের সম্পদের হিসাব চাওয়ার সব মামলা ক্ষতিগ্রস্ত হবে।
“একারণে রিভিউ আবেদন করা হয়েছে। চেম্বার বিচারপতি রাষ্ট্রপক্ষের এই আবেদন শুনানি গ্রহণ করে ওই পর্যবেক্ষণ স্থগিত করে দিয়েছেন।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপাতত ফয়সাল মোর্শেদের সাজা বাতিলই থাকবে। তবে ফুল কোর্ট আমাদের লিভ দিলে সেক্ষেত্রে এটা নাও থাকতে পারে। কারণ ওই পর্যবেক্ষণের যুক্তিতেই তার সাজা বাতিল হয়েছিল।”
আগামী ২০ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ আদালতে এই মামলার পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে।
