ফেলানীর বাবা ভারত যাচ্ছেন শুক্রবার
কুড়িগ্রামের কিশোরী ফেলানী হত্যার পুনর্বিচার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য তার বাবা, মামা ও এক আইনজীবী ভারত যাচ্ছেন শুক্রবার।
ফেলানীর বাবা নুর ইসলাম এ তথ্য জানালেও বিজিবির কারো সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেলানীর মামা আব্দুল হানিফ এবং পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকনসহ তাকে (নুর ইসলাম) শুক্রবার সকাল ৮টার মধ্যে কুড়িগ্রাম ৪৫ বিজিবি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
সেখান থেকে বেলা ১০টার দিকে তারা ভারতের উদ্দেশে রওয়ানা হবেন, বলেন নুর ইসলাম।
এর আগে এ তিন জনকে বিজিবি কার্যালয়ে নেওয়া হলেও বুধবার বাড়ি ফিরে যেতে বলা হয়। তারা এখন বাড়িতেই আছেন।
ভারতের কুচবিহারের বিএসএফ সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের স্পেশাল সিকিউরিটি ফোর্স কোর্টে ফেলানী হত্যার পুনর্বিচার কার্যক্রম শুরু হয় গত সোমবার।
২০১১ সালের ৭ জানুয়ারি ভোর সোয়া ৬টার দিকে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের গুলিতে মৃত্যু হয় কিশোরী ফেলানীর।
ভারত থেকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত দিয়ে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল এই কিশোরী।
সকাল পৌনে ৭টা থেকে তার মৃতদেহ কাঁটাতাঁরে ঝুলে থাকে দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা। পরে বিএসএফ লাশ নিয়ে যায় ভারতে।
এরপর ৮ জানুয়ারি লাশ ফেরত দেয় বিএসএফ। বাংলাদেশে আরেক দফা ময়নাতদন্ত শেষে লাশ দাফন হয়।
দেশ-বিদেশের গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের ব্যাপক সমালোচনার মধ্যে কুচবিহারের বিএসএফের বিশেষ আদালতে ২০১৩ সালের ১৩ অগাস্ট বিচারিক কার্যক্রম শুরু করে ভারত সরকার। আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী ফেলানীর বাবা নুর ইসলাম ও মামা আবু হানিফ।
২০১৩ সালের ৬ সেপ্টেম্বর ওই বিচারের রায়ে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিশেষ আদালত।
এরপর এ হত্যার পুনর্বিচারের জন্য ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারের কাছে আবেদন জানান ফেলানীর বাবা।
পরে বিজিবি-বিএসএফ দ্বিপাক্ষিক বৈঠকে ফেলানী হত্যার পুনর্বিচারে সম্মত হয় বিএসএফ।
