২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশপুর সীমান্তে পতাকা বৈঠক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 09:43 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

সীমান্তের ৬১/১ এস পিলারের পাশে মহেশপুরের হালদারপাড়া মাঠে কোম্পানি কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান এ খবর নিশ্চিত করেন।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানি কমান্ডার মো. শফিকুল আলম এবং বিএসএফের পক্ষে ছিলেন ফতেপুর কোম্পানি কমান্ডার এসি জব্বার সিং।

মনিরুজ্জামান জানান, বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি নাগরিক হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে ঘটনায় জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিএসএফের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজিবিকে আশস্ত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে  বিএসএফ অত্যন্ত সতর্ক থাকবে বলেও জানানো হয়, বলেন বিজিবি কর্মকর্তা।

তিনি আরো জানান, এ ব্যাপারে শুক্রবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হবে।

মনিরুজ্জামান জানান, বুধবার রাত ৯টার দিকে জিয়ারুল আহমেদ রাজুসহ কয়েকজন ৬১/১৮ এস পিলারের পাশ দিয়ে গরু আনার জন্য ভারতের ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন।

এ সময় নদীয়া জেলার নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করলে জিয়ারুল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পরে তার সঙ্গীরা লাশ বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক আহবান করা হয়।