অধ্যাপক সাইফুলকে চাকরিচ্যুত করার দাবিতে আন্দোলন অব্যাহত
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত অধ্যাপক সাইফুল ইসলামকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ (নাট্যকলা) বিভাগের শিক্ষার্থীরা সংহতি সমাবেশ করে।
সমাবেশ শেষে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
গত ১৩ সেপ্টেম্বর নিজ বিভাগের এক ছাত্রীকে বাসায় ডেকে যৌন হয়রানির অভিযোগে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবারের সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “যৌন হয়রানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো বিষয় নয়। প্রশাসন যৌন নিপীড়কদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়ায় এর বিস্তার ঘটছে।”
১৩ সেপ্টেম্বর নাট্যকলা বিভাগের ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে তারা বলেন, “দীর্ঘদিন ধরে যৌন হয়রানির বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ করে আসলেও প্রশাসনকে এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।”
সমাবেশে সংহতি প্রকাশ করেন থিয়েটার বিভাগের শিক্ষক জিয়াউল কবীর, আহমেদুল কবির, সুদীপ চক্রবর্তী, শাহমান মৈশান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মারুফ বিল্লাহ তন্ময়, ছাত্রফ্রন্টের সহ-সভাপতি ইভা মজুমদার, ছাত্র ফেডারেশনের সভাপতি মনোয়ার হোসেন মাসুদ প্রমুখ।
