মনপুরায় ১১ ‘জলদস্যু’ আটক, ৩ জেলে উদ্ধার
ভোলার মনপুরা উপজেলার মেঘনার ঢালচর থেকে অস্ত্রসহ ১১ ‘জলদস্যুকে’ আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযানে অপহৃত তিন জেলেকে উদ্ধার করা হয় বলেও কোস্ট গার্ড জানিয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা বিভাগের স্টাফ অফিসার কামরুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের হাতিয়া স্টেশনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট রাহাতুজ্জামানের নেতৃত্বে একটি টিম মনপুরার মেঘনা তীরবর্তী ঢালচর এলাকায় অভিযান চালায়।
আটক জলদস্যুরা হলো নুরুন্নবী (২০), মোস্তফা (৫০), বিদার (২০), সাহাবুদ্দিন (২৮), সাইদুল (২৮), আবুল কালাম (৩৮), আদমীর (৩৭), ভুট্টু (২২), কালাম (৩২), মজিবুর (২৮) ও করিম (৩৬)।
এদের বাড়ি নোয়াখালীর হাতিয়া এবং ভোলার মনপুরা ও চরফ্যাশন উপজেলায়।
তাদের কাছ থেকে একটি সিঙ্গেল স্যুটার গান, ৫ রাউন্ড তাজা গুলি, ৪টি রামদা, ১০টি ঢাল, ২টি ছুরি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, দুদিন আগে মাছ ধরা অবস্থায় তিন জেলেকে অপহরণ করেছিল একদল জলদস্যু। অভিযানে তাদের উদ্ধার করা হয়।
এরা হলেন জহির (২৭), কবির (২৭) ও আতিকুল (৩০)। এদের বাড়ি নোয়াখালির হাতিয়া উপজেলায়।
কোস্ট গার্ড কর্মকর্তা আরো জানান, আটক করা জলদস্যুদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। সেখানে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
