শাহজালালে ছাত্রলীগের ধর্মঘট, সড়ক অবরোধ
সংগঠনের এক নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করছে ছাত্রলীগ। তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে থাকায় শহর থেকে ছেড়ে আসা শিক্ষক-শিক্ষার্থীদের বাস ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি।
সকাল থেকে কোন বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
ছাত্রলীগ নেতাকর্মীরা সকাল ৮টার দিকে ক্যাম্পাস সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করলে প্রায় তিন ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বেলা ১১টার দিকে সড়ক থেকে সরে যান ছাত্রলীগ নেতাকর্মীরা।
সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীদের পাশে গিয়ে উপাচার্য আমিনুল বলেন, “তোমাদের দাবির সাথে আমি পুরোপুরি একমত। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনও ব্যবস্থা নেবে।”
আগের রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি রেস্তোরাঁয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাশের উপর হামলা হয়।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র উত্তমকে গুরুতর অবস্থায় প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)আনা হয়।
ওসমানী মেডিকেলের উপপরিচালক তন্ময় ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তমের পায়ের গোড়ালি ও ডান হাতের একটি আঙুলে গুরুতর জখম হয়েছে। তার বুকে ও গলায়ও কোপ লেগেছে।
জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা করেছে বলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায় অভিযোগ করেছেন।
হামলায় জড়িত সন্দেহে জাবেদুর রহমান নামে ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে বলেও ওসি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,ছাত্রলীগ নেতা উত্তমের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন।
বুধবার রাতে হামলার সময় উত্তমের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বিজিত লাল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মা মণি রেস্টুরেন্টের সামনে উত্তমের ওপর হামলা হয়।
“অন্যদের সঙ্গে উত্তম বসেছিল। এই সময় তিন-চারটি মোটরসাইকেলে করে আট-দশ জন এসে উত্তমকে এলোপাতাড়ি কোপায়। তাদের মধ্যে কয়েকজন মুখোশ পরিহিত ছিল।”
হামলাকারীদের কয়েকজন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে দাবি করেন বিজিত লাল। তবে তিনি তাদের নাম জানাতে পারেননি।
হামলার প্রতিবাদে রাত ১১টা থেকে এক ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।
ওই সময়ই বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘটের ডাক দেয়া হয়।
