২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ছাত্রলীগ নেতার ওপর হামলায় শিবির কর্মী আটক

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 12:14 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

বৃহস্পতিবার ভোরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ধামালী পাড়া থেকে শিবির কর্মী জাবেদুর রহমানকে আটক করা হয় বলে জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান।

জাবেদুর বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।   

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন একটি রেস্তোরাঁয় হামলার শিকার হন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী উত্তম কুমার দাশ।

গুরুতর আহত এই নেতাকে রাত আড়াইটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। 

এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ মামলা দায়ের করা হয় বলে জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান।

হামলার প্রতিবাদে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করছে ছাত্রলীগ।

সকালে প্রায় তিন ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে তারা।

বুধবার রাতে হামলার সময় উত্তমের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বিজিত লাল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মা মণি রেস্টুরেন্টের সামনে উত্তমের ওপর হামলা হয়।

“অন্যদের সঙ্গে উত্তম বসেছিল। এই সময় তিন/চারটি মোটরসাইকেলে করে আট-দশ জন এসে উত্তমকে এলোপাতাড়ি কোপায়। তাদের মধ্যে কয়েকজন মুখোশ পরিহিত ছিল।”

হামলাকারীদের কয়েকজন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে দাবি করেন বিজিত লাল। তবে তিনি তাদের নাম জানাতে পারেননি।