‘ডাক্তারের দায়িত্বহীনতায়’ প্রসূতির মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি অপারেশনে চিকিৎসকের দায়িত্বহীনতার কারণে প্রসুতির মৃত্যুর অভিযোগে ক্লিনিকের মালিক ও ডাক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন মৃত গ্রহবধূ খালেদা বেগমের (২০) ফুফা আনারুল ইসলাম।
খালেদা বেগম উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উত্তর ফুলবাড়ি গ্রামের ইউনুস আলীর স্ত্রী এবং একই উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের আব্দুল খালেক মিয়ার মেয়ে।
এ মামলার আসামিরা হলেন, ক্লিনিক মালিক দেলওয়ার হোসেন ও চিকিৎসক মতিউল ইসলাম।
ক্লিনিকের চিকিৎসক মতিউল ইসলাম ওই দিন অপারেশন করলে খালেদার একটি ছেলে হয়। এরপর বাড়ি চলে গেলে খালেদার পেট ফুলে ওঠে ও যন্ত্রণা শুরু হয়।
এ অবস্থায় ২০ সেপ্টেম্বর আবার ওই ক্লিনিকে ভর্তি হন তিনি। ওইদিন অপারেশন করার সময় খালেদার প্রস্রাব ও পায়খানার নালি কেটে ফেলেন। এতে প্রসূতির অবস্থা আরো অবনতি হয়।
বিকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর রাতে খালেদার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক মতিউল ইসলাম বলেন, সিজারের পর ওই রোগীর খাদ্য নালীতে প্যাঁচ লাগায় দ্বিতীয়বার অপারেশন করা হয়। এরপর ৪-৫ দিন রোগীকে ডাক্তারের পর্যবেক্ষণে থাকা দরকার।
“কিন্তু একদিন পর রোগীর স্বজনরা তাকে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কী কারণে মারা গেল তা আমি বলতে পারি না।”
