২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসায় বিস্ফোরণ : আসামিদের অনুপস্থিতিতে পেছাল অভিযোগ গঠন 

তিন আসামির অনুপস্থিতির কারণে দ্বিতীয়বারের মতো পেছাল চট্টগ্রামের লালখান বাজারের হেফাজতী মাদ্রাসায় বোমা বিস্ফোরণে তিনজন নিহতের ঘটনায় করা হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 07:47 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) এম এ ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পাঁচ আসামির মধ্যে মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পলাতক। তার ছেলে ‍হারুন বিন ইজাহার অন্য মামলায় গ্রেপ্তার।

“জামিনে থাকা অন্য তিন আসামি মাদ্রাসার তিন শিক্ষার্থী মো. জুনায়েদ, হাবিবুর রহমান ও মো. ইসহাক বুধবার আদালতে অনুপস্থিত ছিলেন। আসামিপক্ষ তাদের জন্য সময় প্রার্থনা করে। পরে আদালত আগামী ১১ নভেম্বর অভিযোগ গঠনরে জন্য পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এর আগে গত ১৫ সেপ্টেম্বর আসামি ইসহাক আদালতে হাজির না থাকায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে যায়।

এ মামলায়র অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী, তার ছেলে মুফতি হারুণ বিন ইজাহার, মাদ্রাসার তিন শিক্ষার্থী মো. জুনায়েদ, হাবিবুর রহমান ও মো. ইসহাক।

এ মামলায় গত ১১ জুন আদালতে দেওয়া পুলিশের অভিযোগপত্রে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় এ পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে ৩৪ জনকে সাক্ষী  করা হয়।

হত্য মামলাটি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে বিচারের জন্য গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

সাক্ষী ‘অসুস্থ’, হয়নি এসিড মামলায় সাক্ষ্যগ্রহণও

মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় করা এসিড মামলায় বুধবার আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মামলার বাদি খুলশী থানার এসআই গোলাম নেওয়াজের।

চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন নির্ধারিত ছিল।

আসামি পক্ষের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে আদালতে আসেন বাদী এসআই গোলাম নেওয়াজ।

“বিকাল তিনটার দিকে তিনি আদালতকে জানান অসুস্থ বোধ করছেন। এরপর আর শুনানি হয়নি। আদালত আগামী ১০ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।”

এর আগে বিচারক পদ শূন্য থাকায় গত ১৫ জুলাই, ৫ অগাস্ট ও ৮ সেপ্টম্বর নির্ধারিত দিনে মামলাটির শুনানি পিছিয়ে যায়। তখন মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল।

গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। তিনজই ওই মাদ্রাসার শিক্ষার্থী।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মাদ্রাসা কর্তৃপক্ষ শুরুতে এটিকে ল্যাপটপ বিস্ফোরণ বলে চালাতে চাইলেও ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা, এসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ।

এ ঘটনার পর পুলিশ বাদি হয়ে বিস্ফোরক ও এসিড আইনে দুইটি এবং আরেকটি হত্যা মামলা করে।

গত ১০ ফেব্রুয়ারি বিস্ফোরক মামলায়ও মুফতি ইজাহার ও তার পুত্র হারুণসহ নয়জনকে অভিযুক্ত করে  অভিযোগপত্র দেয় পুলিশ। গত ৬ এপ্রিল এই মামলার অভিযোগও গঠন করা হয়েছে।

গত ২৮ মে এসিড আইনের মামলাতেও বাবা-ছেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এছাড়া সম্পদ বিবরণীর মামলায়ও মুফতি ইজাহারের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।