২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষ্য দিতে যাওয়ার অপেক্ষায় ফেলানীর বাবা-মামা

কুড়িগ্রামের কিশোরী ফেলানী হত্যার পুনর্বিচারে সাক্ষ্য দিতে ভারত যাওয়ার জন্য বিজিবি ক্যাম্পে অপেক্ষা করছেন তার বাবা ও মামা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 07:32 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

বুধবার তারা কুড়িগ্রাম ৪৫ বিজিবি ক্যাম্পে আসেন।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, সাক্ষ্য দিতে যাওয়ার প্রস্তুতি হিসেবে নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা থেকে তিনি (নুর ইসলাম) ও ফেলানীর মামা আব্দুল হানিফ বিকাল সাড়ে ৪টায় কুড়িগ্রাম ৪৫ বিজিবি ক্যাম্পে পৌঁছান।

ভারতের আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার আগে প্রস্তুতি নিতে তাদেরকে একত্রিত করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “যে কোনো সময় ভারতের আদালতে আমাদের ডাক পড়বে।”

ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, ভারতের বিএসএফ সদস্য অমিয় ঘোষ খুব কাছ থেকে আমার চোখের সামনে ফেলানীকে গুলি করে হত্যা করে। মেয়ে আমার পানি পানি করে ডানা ভাঙা পাখির মতো ছটফট করেছে তাও মন গলেনি পাষণ্ড বিএসএফ সদস্যদের।

“আমার দেখা সত্য সব ঘটনা ভারতের বিশেষ আদালতে বলব। হত্যাকারী মামলা থেকে খালাস পেতে পারে না।

“আমি ন্যায় বিচার চাই। আমার একটাই চাওয়া খুনি অমিয় ঘোষের সর্বোচ্চ সাজা ফাঁসি।”

ফেলানীর মামা আব্দুল হানিফও এবার ন্যায় বিচার পাওয়ার আশা করছেন।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম আব্রাহাম লিংকন জানান, ফেলানীর বাবা নুর ইসলাম, মামা আব্দুল হানিফ, কুড়িগ্রাম ৪৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ  এবং তিনিসহ চার সদস্যের প্রতিনিধি দল প্রস্তুত রয়েছে। আমন্ত্রণপত্র পেলেই ভারতের আদালতে সাক্ষ্য দিতে যাবে এ প্রতিনিধি দল।

ফেলানী হত্যার পুনর্বিচারের জন্য ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারের কাছে আবেদন জানান ফেলানীর বাবা। এতে তাকে সহযোগিতা করেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। এরপর চলে বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতা।

পরে বিজিবি-বিএসএফ’র দ্বিপাক্ষিক বৈঠকে ফেলানী হত্যার পুনর্বিচারে সম্মত হয় বিএসএফ। এরই ধারাবাহিকতায় সোমবার পুনরায় বিচার কার্যক্রম শুরু হয়।

২০১১ সালের ৭ জানুয়ারি শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে মই বেয়ে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের গুলিতে মৃত্যু হয় কিশোরী ফেলানীর। পরে বিএসএফ লাশ নিয়ে যায় ভারতে।

এরপর ৮ জানুয়ারি লাশ ফেরত দেয় বিএসএফ। বাংলাদেশে আরেক দফা ময়নাতদন্ত শেষে লাশ দাফন হয়।

কুচবিহারের বিএসএফের বিশেষ আদালতে এ হত্যাকাণ্ডের বিচার হয়। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর ওই বিচারের রায়ে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয়া হয়।