‘গণজাগরণের আবেদন ফুরোয়নি’
গণজাগরণ মঞ্চের আবেদন ফুরিয়েছে বলে মন্ত্রী রাশেদ খান মেননের বক্তব্য প্রত্যাখ্যান করে এই আন্দোলনে সম্পৃক্ত বামপন্থি দুটি ছাত্র সংগঠন দাবি করেছে, শাহবাগ আন্দোলনের চেতনা এখনো মানুষের হৃদয়ে রয়েছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এক সংবাদ সম্মেলনে বলা হয়, গণজাগরণের চেতনা লাখো মানুষের হৃদয়ে সুপ্ত অবস্থায় আছে, তাই এর আবেদন কখনো ফুরিয়ে যাবে না।
আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হওয়ার প্রতিক্রিয়ায় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত বছরের ফেব্রুয়ারিতে শাহবাগকে কেন্দ্র ধরে গড়ে ওঠে গণজাগরণ আন্দোলনের।
ওই আন্দোলনে দাবি ওঠার পর আপিলের আইন পরিবর্তন হয় এবং তার পর চূড়ান্ত রায়ে কাদের মোল্লার ফাঁসির আদেশ হওয়ার পর তা কার্যকরও হয় গত বছরের ডিসেম্বরে।
তারপর মঞ্চের সক্রিয়তা থাকলেও সংগঠকদের মধ্যে বিভক্তির প্রেক্ষাপটে ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন গত সপ্তাহে এক অনুষ্ঠানে বলেন, মঞ্চের আবেদন ফুরিয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু বলেন, “শাসক শ্রেণির যে সকল অংশ একসময় এই আন্দোলনের সহযোগী ছিল, আজ তাদের মুখেই বলতে শুনি “গণজাগরণ মঞ্চের আবেদন ফুরিয়েছে’।
“আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণজাগরণ মঞ্চের আবেদন ফুরাতে পারে না।”
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত বছর শাহবাগে এক সমাবেশ (ফাইল ছবি)
গণজাগরণ মঞ্চে কোনো বিভক্তি হয়নি বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
“জামাতের সাথে সরকারের সমঝোতায় গণজাগরণ মঞ্চে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই মঞ্চকে বারবার হামলা করে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হয়ে সরকার একে দ্বিধাবিভক্ত বলে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।”
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক লাকী আক্তার, ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন উপস্থিত ছিলেন।
ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট ইমরান এইচ সরকার নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চে রয়েছে। ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রমৈত্রী একটি অংশের নেতৃত্ব দিচ্ছে। আরেকটি অংশ চলছে মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ড নেতা কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে।
