চট্টগ্রামে দোনলা বন্দুক উদ্ধার
ফটিকছড়ির প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের ভাতিজা ফরহাদুল আনোয়ারের কাছ থেকে একটি বিদেশি দোনলা বন্দুক উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
নগরীর ফিশারী ঘাট এলাকা থেকে মঙ্গলবার রাতে ফরহাদুল আনোয়ারকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে ফটিকছড়ির নানুপুর এলাকায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল।
অভিযানে থাকা গোয়েন্দা পুলিশের এসআই সন্তোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “অভিযানে নানু পুরের তার বাড়ির পুকুর ঘাটে পলিথিন মুড়িয়ে লুকিয়ে রাখা দোনলা বন্দুকটি উদ্ধার করা হয়।”
তিনি জানান, এর আগে ফটিকছড়ি থানা পুলিশ ও বায়েজিদ থানা পুলিশ ফরহাদুলের কাছ থেকে আরও দুটি অবৈধ অস্ত্র উদ্ধার করে।
গ্রেপ্তার ফরহাদুল ইসলাম (৩৫) ১৯৯৬ ও ২০০১ সালে চট্টগ্রাম থেকে নির্বাচিত প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের ছোট ভাই প্রয়াত ফরিদুল আনোয়ারের ছেলে।
