জলদস্যু দমনের দাবিতে বরিশালে জেলেদের মানববন্ধন
জলদস্যু দমন, তাদের হাতে আটক জেলেদের উদ্ধার ও নিজেদের নিরাপত্তাসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন জেলেরা।
বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপিও দিয়েছেন তারা।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি আয়োজিত এ মানববন্ধনে বরিশাল মৎস্য আড়ৎদার অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরাও অংশ নেন।
মৎসজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসরাইল পণ্ডিত, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার ও আড়ৎদার অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত কুমার দাস মানববন্ধনে বক্তব্য রাখেন।
জলদস্যু দমনে সাগরে যৌথ বাহিনীর টহলের ব্যবস্থা করা, জলদস্যুদের হাতে নিহত জেলে পরিবারগুলোর পুনর্বাসন এবং আটক জেলেদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেয়াসহ ছয় দফা দাবি জানান তারা।
