সাতক্ষীরায় উপকূলীয় বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন
সাতক্ষীরার শ্যামনগরে আইলা উপদ্রুত এলাকায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ হয়।
স্থানীয় চকবারা মানবকল্যাণ কৃষক সংগঠন, দাঁতিনাখালী বনজীবী নারী উন্নয়ন সংগঠন, একতা যুব সংঘ ও সংগ্রামী যুব ফাউন্ডেশনের সম্মিলিত আয়োজনে এ মানববন্ধনে সহযোগিতা করে শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি ও সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম।
২০০৯ সালের ২৫মে জলোচ্ছ্বাস আইলায় উপকূলীয় বাঁধ ভেঙে শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনীসহ ১০টি ইউনিয়ন লবণ পানিতে প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষ।
মানববন্ধন চলাকালে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক আল ইমরান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, চকবারা কৃষক সংগঠনের সভাপতি আবু মূছা, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সদস্যরা বক্তব্য দেন।
তারা বলেন, দুর্যোগ ঝূঁকিপূর্ণ উপজেলা শ্যামনগর আইলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পাঁচ বছর পরেও পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি, পশ্চিমপাতাখালী, খুটিকাটা ও চাউলখোলা, গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া, পার্শ্বেমারি, জেলেখালী, গাগড়ামারী ও নাপিতখালী এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটী, নীলডুমুর ও কলবাড়ী এলাকায় উপকূলীয় বাঁধ মেরামত হয়নি।
সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা একাধিক বার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ জানান বক্তারা।
মানববন্ধন থেকে অতিদ্রুত ওই তিন ইউনিয়নে ঝূঁকিপূর্ণ বাঁধ সংস্কার করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের জানমাল রক্ষার দাবি জানানো হয়।
