যশোরে ট্রাকভর্তি ভারতীয় কাপড় জব্দ
যশোরের শার্শা থেকে একটি ট্রাক ভর্তি ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি ও পুলিশের একটি যৌথ দল।
শার্শা থানার ওসি আহম্মেদ কবির হোসেন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে শার্শার নাভারন মোড় থেকে চালানটি ধরার সময় ট্রাক চালকের সহকারীকে আটক করা হয়েছে।
আটক শফিকুল ইসলাম (২৫) খুলনার কয়রা উপজেলার গোবদ্দাকাঠি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ওসি কবির বলেন, “ভারত থেকে অবৈধভাবে আনা একটি কাপড়ের চালান বাগআচড়া বাজার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হবে এমন গোপন খবর পেয়ে বিজিবি ও পুলিশের যৌথ টহল দল অভিযান চালায়। এরপর নাভারন মোড় থেকে চালানটি আটক করা হয়।”
তিনি বলেন, মোট ৪৯৫টি থ্রি পিস, ৪ হাজার ৮৪০টি শাড়ি, ৯১ বেল কাপড় উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা।
ট্রাকসহ উদ্ধারকৃত কাপড় বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।
