২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় ফখরুলদের অভিযোগ গঠন পেছাল

কয়েকজন আসামি আদালতে উপস্থিত না হওয়ায় ভাংচুর-নাশকতার দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 12:49 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় ফখরুলসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২৭ অক্টোবর নতুন দিন রেখেছেন ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক আতাউল হক।

আর রমনায় ভিকারুন নিসা নূন স্কুলের সামনে গাড়ি ভাংচুরের মামলায় ফখরুলসহ ৪১ জনের অভিযোগ গঠনের জন্য ৪ ডিসেম্বর দিন রেখেছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ।

দুই মামলার আসামিদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, মওদুদ আহমদ এদিন আদালতে উপস্থিত ছিলেন।

২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপি-জামায়াত জোটের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা হয়।

গত বছরের ১০ মে পুলিশ ৪৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিলেও পরে ২৭ মে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে আসামির তালিকায় যোগ করে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেন ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুলসহ দলটির কয়েকজন নেতাকে মামলার শুরু থেকেই পলাতক দেখানো হয়েছে।

মামলাটি আমলে নেয়া অবৈধ হয়েছে দাবি করে উচ্চ আদালতে যায় আসামিরা। হাই কোর্টে তাদের আবেদন খারিজ হয়ে গেলে আসামিরা আপিলের আবেদন করেন।

গতবছর ২ মার্চ ভিকারুন নিসা নূন স্কুলের সামনে গাড়ি ভাংচুরের ঘটনায় রমনা থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করা হয়। 

গোয়েন্দা পুলিশের পরিদর্শক দীপক কুমার দাস বিএনপি নেতা ফখরুল ও মওদুদসহ ৪১ জনকে আসামি করে গত ৫ জুলাই এ মামলার অভিযোগপত্র দেন।