২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু রক্ষার দাবিতে মিছিলে উত্তাল নিউইয়র্ক

একদিন পরেই শুরু হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বিশ্বকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

যুক্তরাষ্ট্র প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2014, 12:14 PM

Updated : 13 Oct 2022, 12:36 PM

রোববার সকালে একহাজার ৪০০টি সংগঠনের অংশগ্রহণে ‘জনগণের জলবায়ু মিছিল’ শিরোনামে এ কর্মসূচি পালিত হয়। এই দাবিতে একই সময়ে আরো ১২৬ দেশে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলে-শ্লোগানে উত্তাল নিউইয়র্কের রাজপথের এ কর্মসূচিতে অংশ নেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলগোর, একাধিক হলিউড তারকা, নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো, স্থানীয় বাসিন্দা এবং প্রবাসী বাঙালিসহ লাখ লাখ আমেরিকান।      

মিছিলে শ্লোগান দেয়া হয়, ‘আরো ভয়ংকর কিছু ঘটার আগেই যথাযথ পদক্ষেপ নিতে হবে’, ‘বেঁচে থাকার উপযোগী বিশ্ব গঠনে আর গাফিলতির অবকাশ নেই’।

জনতার এই আহ্বানে অভিভূত জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, “আমিও চাই অবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে। এজন্যেই ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার জলবায়ু সম্মেলন আহ্বান করেছি।

“আমারও একান্ত নিবেদন, আর সময়ক্ষেপন নয়, এবার কিছু একটা করতে হবে। কারণ, দ্বিতীয় কোনো বিশ্ব নেই যাকে আমরা নিরাপদ ভাবতে পারি।”

জনতার এই আওয়াজ নিশ্চয়ই বিশ্ব বিবেককে তাড়িত করবে বলে তিনি আশা করেন।

বান কি মুন আরো বলেন, “নিউইয়র্কের মত বিশ্বের বহুদেশে আজ একই আওয়াজ উঠেছে। এই জনতাই হচ্ছে আমাদের মূল প্রেরণা। আসুন আমরা নিরাপদ বিশ্ব গড়তে একত্রে কাজ করি।”

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের লোকজনসহ মিছিলে অংশ নেন বাংলাদেশের বন ও পরিবেশ সচিব নজিবুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে যে ভয়ংকর পরিস্থিতির আশংকা করা হচ্ছে তা আমেরিকানদেরকেও ভাবিয়ে তুলেছে এবং আমেরিকানরাও এই পরিবর্তনের জন্যে দায়ী কর্পোরেট হাউজগুলোকে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। এ মিছিলে অংশগ্রহণকারীরা সে কথাই উচ্চকন্ঠে বলছেন যে, আমেরিকা, ইউরোপের ধনী দেশগুলোর বিলাসিতার শিকার হচ্ছে বিশ্বের বিরাট একটি জনপদ। তাই, পরিবর্তন রোধে কার্যকরী পদক্ষেপও ধনী দেশগুলোকেই করতে হবে।”

মিছিল শেষে ১১ এভিনিউর ওপর ৩৪ স্ট্রিট থেকে ৩৮ স্ট্রিট পর্যন্ত এলাকা জুড়ে এক সমাবেশও করে অংশগ্রহণকারীরা।

মিছিলে পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন শ্রমিক, ছাত্র, পেশাজীবী, শিক্ষাবিদ, চলচ্চিত্রকার, লেখক, ধর্মীয় সংগঠন, মানবাধিকার সংগঠন, নাগরিক অধিকার সংগঠন, আদিবাসী, সমকামী সংগঠনসহ পরিবেশ নিয়ে কর্মরত বিভিন্ন সংস্থা।  

মিছিলে এতো লোকের সমাগম হবে তা অনুমেয় ছিল না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কর্মসূচির অন্যতম সমন্বয়কারী লেসলি ক্যাগেল ও ড. পার্থ ব্যানার্জি।

জলবায়ু পরিবর্তনের ঢেউ যে ধনী-গরিব সকলকে তা গ্রাস করবে- এটি এখন সকলেই বুঝতে পারছেন, বলেন তারা।  

মিছিলের প্রভাব ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ শীর্ষ বৈঠকে পড়বে কিনা জানতে চাইলে লেসলি ক্যাগেল বলেন, “অবশ্যই, আমরা আশা করছি উন্নত বিশ্ব এখন আর গাফিলতি করবে না।