২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কম্পিউটারের ভিতর মিলল হেরোইন

রাজশাহীর গোদাগাড়িতে কম্পিউটারের সিডি ড্রাইভের ভেতরে ভরে বহনের সময় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ অভিযোগে আটক করা হয়েছে এক যুবককে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2014, 12:22 PM

Updated : 22 Aug 2022, 07:10 PM

পুলিশ বলছে, আটক আরিফ হোসেন (২৬) একজন মাদক বিক্রেতা। তিনি উপজেলার মহিষালবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, গোপনে খবর পেয়ে শনিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার গোপালপুরে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় আরিফের কম্পিউটারের সিডি ড্রাইভের ভেতর ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

ওই হেরোইন গোদাগাড়ী থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এর দাম আনুমানিক পাঁচ লাখ টাকা বলে জানান ওসি।

তিনি বলেন, মাদক আইনে মামলা করে আরিফকে আদালতে পাঠানো হয়েছে।