প্রতি উপজেলায় ট্রেনিং ইনস্টিটিউট হবে: মোশাররফ
দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রতিটি উপজেলায় ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিবছর ৪৬-৬০টি বিভিন্ন ট্রেডে ৬-৭ লাখ প্রশিক্ষিত লোক (দক্ষ জনশক্তি) সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে।
বর্তমানে বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দাসহ বিভিন্ন প্রতিকূলতার জন্যে জনশক্তি রপ্তাসিতে তার প্রভাব পড়েছে। সামনে এ প্রতিকূলতা কেটে গেলে জনশক্তি রপ্তানির পরিবেশ সৃষ্টি হবে ও জনশক্তি রপ্তানি আরো বাড়বে।
“সামনে আমাদের এমনভাবে তৈরি হতে হবে যেন প্রতিদিন দুই/আড়াই হাজার জনশক্তি রপ্তানি করা যায়,” বলেন মন্ত্রী।
দক্ষ জনশক্তি তৈরিতে আইইউটির অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আইইউটির সাথে বিভিন্ন কারিকুলাম ও ট্রেনিং ফেসিলিটিস তৈরি করে দক্ষ লোকবল সৃষ্টিতে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি। এখানে ২০-৩০টি মুসলিম দেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা বিভিন্ন কারিগরি বিষয়ে জ্ঞান অর্জন করছে।
পরে তারা যার যার দেশে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখতে সক্ষম হবে।
মন্ত্রী সকালে আইইউটি ক্যাম্পাসে দিনব্যাপী যন্ত্র ও কেমিক্যাল বিভাগের উদ্যোগে আয়োজিত রোবটিক প্রতিযোগিতার ‘মেক্সিলারেশন-২০১৪’ এর উদ্বোধন করেন।
আয়োজনের প্রধান সমন্বয়ক মো. রেজওয়ানুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ইমতিয়াজ হোসেন, অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক আকন্দ, অধ্যাপক ড. মো. নুরুল আবসার চৌধুরী প্রমুখ।
প্রতিযোগিতায় রোবটিক্স ছাড়াও ছিল ক্যাড ডিজাইন, বিজনেস আইডিয়া কম্পিটিশন, প্রজেক্ট শোকেসিং ও মেকানিক্স অলিম্পিয়াড।
উদ্বোধন শেষে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন রোবটিক কলাকৌশল পরিদর্শন করেন।
আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ওই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সর্বমোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ১১শ শিক্ষার্থী অংশ নেন।
