পুলিশ ভ্যানের ধাক্কায় এসআই নিহত
পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের বিশেষ শাখার এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
নিহত আবু বকর সিদ্দিক (৪০) পুলিশের বিশেষ শাখার প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুরের আন্দিপাড়ার আবু তাহেরের ছেলে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উত্তরে বিমান বাহিনীর রিক্রুটিং সেন্টারের সামনে দুর্ঘটনায় তিনি নিহত হন বলে কাফরুল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান।
তিনি বলেন, “আবু বকর সিদ্দিক মোটরসাইকেলে ছিলেন। ওই এলাকায় পুলিশের একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
