লক্ষ্মীপুরে পৌর জামায়াত আমিরসহ আটক ৮
যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে হরতালে মিছিলের সময় লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমিরসহ আটজনকে আটক করেছে পুলিশ।
পৌর জামায়াতের আমিরের নাম নূর নবী ফারুক। আটক অন্যদের নাম পরিচয় জানাতে পারেননি এসআই জিল্লুর।
লক্ষ্মীপুর পুলিশের এএসপি (হেড কোর্য়াটার) নাসিম মিয়া জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে জামায়াত-শিবির কর্মীরা লক্ষ্মীপুর-রামগতি সড়কে হরতালের সমর্থনে মিছিল নিয়ে যান চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে। তৎক্ষণিকভাবে টহল পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত নেতা নূর নবী ফারুকসহ আটজনকে আটক করে।
জামায়াত-শিবিরের অন্য নেতাকর্মীরা এ সময় পালিয়ে যায়।
যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ে উচ্চ আদালত বুধবার তার ফাঁসির দণ্ড কমিয়ে আমৃত্যু কারাবাসের আদেশ দেয়। তারপর তার মুক্তির দাবিতে বৃহস্পতি ও রবিবার ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি।
