সিরাজগঞ্জ পলিটেকনিকে শিক্ষার্থীদের তালা
দুর্নীতি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে অধ্যক্ষের অপসারণের দাবিতে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০০৪ সালে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট যাত্রা শুরু করে। বর্তমানে অন্তত দেড় হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি কলেজের অন্যান্য সুযোগসুবিধা। এ অবস্থায় অধ্যক্ষ অনৈতিকভাবে শিক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা আদায় করছেন। ল্যাব, সাইকেল গ্যারেজ ও অতিথি শিক্ষকদের জন্য অতিরিক্ত ফি নেয়া হচ্ছে। তবে ল্যাবে যন্ত্রপাতির অপ্রতুলতা, সাইকেল গ্যারেজের বেহাল দশা ও নামমাত্র অতিথি শিক্ষক থাকলেও নিয়মিত কোন ক্লাস হচ্ছে না।
এর প্রতিবাদে দুপুর থেকে তারা কলেজের মূল ফটকে তালা লাগিয়ে ফটকের বাইরে বিক্ষোভ করছেন এবং অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।
অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, এক ছাত্র সংগঠনের নেতাদের কক্ষ বরাদ্দ না দেয়ায় তারা সাধারণ ছাত্রদের উস্কে দিয়ে কলেজে অচলাবস্থার সৃষ্টি করছে।
প্রতিনিধি/এমডি/১৭৩৩ ঘ.
