এ কে খন্দকার গাজীপুরে ‘অবাঞ্ছিত’
মুক্তিযুদ্ধের উপ সেনাপতি এ কে খন্দকারকে ‘বিতর্কিত তথ্যে ভরা’ বই প্রকাশের অভিযোগে গাজীপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের জেলা শাখা।
রোববার গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের গাজীপুর জেলা শাখার নেতারা এ ঘোষণা দেন।
এ কে খন্দকারের সদ্য প্রকাশিত ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইয়ে বলা হয়, বঙ্গবন্ধুর ৭ মর্চের ভাষণ শেষ হয় ‘জয় পাকিস্তান’ বলে। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ছিল বলে না বলেও লিখেছেন তিনি।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের গাজীপুর শাখার আহ্বায়ক মো. আবু বকর সিদ্দীক লিখিত বক্তব্যে বলেন, “এসব বক্তব্য বিস্ময়কর ও অবিশ্বাস্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় প্রতিপন্ন করে বই প্রকাশের প্রতিবাদে এ কে খন্দকারকে গাজীপুর জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।”
সেইসঙ্গে বইটি বাজেয়াপ্ত ঘোষণা এবং এ কে খন্দকারের মুক্তিযুদ্ধের সব খেতাব প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
অন্যদের মধ্যে সংগঠনের সদস্য সচিব মো. আছলাম হোসেন, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
